রাজধানীর বিভিন্ন স্থানে ১৯ ছিনতাইকারী গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১৭ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার হয়েছে।
এছাড়া নগরীর মালিবাগ হাজীপাড়ায় ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধড়া পড়েছে তিন ছিনতাইকারী।
পুলিশ জানায়, সোমবার রাতে মহাখালী কাঁচাবাজারের সামনে ছিনতাই করার প্রস্তুতি নেওয়ার সময় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে গুলশান থানার পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গুলশান থানা এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে অভিয়ান চালিয়ে আরো নয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তারা সংঘবদ্ধ একটি চক্রের সদস্য বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়।
গ্রেপ্তারকৃতরা হলো মোঃ কামরুল (২৮), মোঃ মিন্টু খান (২৫), মোঃ সাগর (২৩), মোঃ হীরা (১৯), মোঃ নাসিরউদ্দিন (২৮), মোঃ আনোয়ার হোসেন (২০), মোঃ জাহাঙ্গীর হোসেন (২৭), মোঃ মোশারফ (২০), মোঃ হোসেন (২০), মোঃ মিলন (২১), মোঃ মঈনউদ্দিন (২০), মোঃ শামীম আহমেদ (২২) এবং মোঃ মিশু (২২)।
অন্যদিকে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) একটি দল একই দিন রাতে নগরীর মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। এরা ট্যাক্সিক্যাব ব্যবহার করে নগরীর বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো মোঃ নূর হোসেন (৩০), মোঃ বারেক (৩৩), মোঃ হাফিজ শিকদার (৩৮) এবং মোঃ শহিদুল ইসলাম (৩২)। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হয়েছে।
এছাড়া র্যাব-১ এর সদস্যরা একই দিন বাড্ডা থানা এলাকা থেকে মোঃ শরিফ হোসেন ওরফে আকিক (২০) এবং মোঃ শফিকুল ইসলাম ওরফে হেলাল নামে দুই সন্দেহাভাজন ছিনতাইকারীকে আটক করেছে। তাদের বাড্ডা থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে অপর এক ঘটনায় মালিবাগ হাজিপাড়া এলাকায় ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণধোলাইর শিকার হয়েছে তিন ছিনতাইকারী। তারা হলো মোহাম্মদ হোসেন বাবুল, সুমন আহমেদ ও হাসমত আলি।
আতিকুর রহমান নামে এক গাড়ি চালককে কুপিয়ে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় এলাকাবাসী এই তিনজনকে ধরে ফেলে। এ ব্যাপারে রমনা থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
