জরুরি অবস্থায় দেওয়া আটকাদেশের চ্যালেঞ্জ করা নিয়ে আইনি লড়াই শুরু
দেশে জরুরি অবস্থায় দেওয়া আটকাদেশের বৈধতা নিয়ে দায়ের করা মামলার শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। এসব আটকাদেশ উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যায় কি না এ বিষয়ে চলছে জমজমাট আইনি লড়াই।
এদিকে সাবেক সাংসদ মুফতি শহীদুল ইসলামের আটকাদেশ কেন অবৈধ হবে না তার কারণ দেখাতে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেছে।
আগামী দশদিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। শহীদুলের ইসলামের দায়ের করা হেবিয়াস কর্পাস আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদেশটি দিয়েছেন বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মোঃ এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
মুফতি শহীদুল গত ১ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। তাকে ওই দিনই বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ প্রদান করা হয়। মুফতি শহীদুল ইসলামের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সরকারপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল আতিকুল করিম।
জরুরি অবস্থা চলাকালে দেওয়া আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করা যায় কি না এ নিয়ে শুনানিও অনুষ্ঠিত হয়েছে একই বেঞ্চে। মঙ্গলবার দিনব্যাপী যুক্তিতর্ক উপস্থাপনের পর আগামী বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত এ শুনানি মুলতবি করা হয়েছে।
আটকাদেশপ্রাপ্ত নেতাকর্মীদের পক্ষে এই শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার আবদুর রাজ্জাক, ব্যারিস্টার আমীর উল ইসলাম, এডভোকেট আবদুল বাসেত মজুমদার ও সিগমা হুদা।
তারা বলেন, দেশে জরুরি অবস্থা চলাকালে দেওয়া আটকাদেশের বৈধতা নিয়ে ফৌজদারি কার্যবিধির ৪৯১ ধারায় হেবিয়াস কর্পাস আবেদন করা যায়। আইনজীবীরা এ বিষয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের উচ্চ আদালতের নজীর উপস্থাপন করেন।
অন্যদিকে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল দেশে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট তুলে ধরেন।
