মন্ত্রণালয়ের নির্লিপ্ততায় যাত্রী দুর্ভোগ কমছে না
মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিএনজি চালকদের যাত্রী হয়রানি বন্ধ করতে পারছে না।
গত বছর এপ্রিলে অটোরিকশা চালকরা বিআরটিএ-- কে নিশ্চিত করেছিল যদি মালিকরা জমার পরিমাণ ৬০০ থেকে ৭০০ টাকার পরিবর্তে ৪৭৫ টাকা নেয় তাহলে তারা যাত্রী হয়রানি বন্ধ করবে। মালিকরাও প্রতিদিন ৪৭৫ টাকা জমা নেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছিল।
বিআরটিএ সিএনজি চালকদের সিএনজির ভাড়া বাড়ানোর প্রস্তাবটিও গ্রহণ করেছিল এবং তা ২৭ এপ্রিল যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়।
কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় সরকার নির্ধারিত ভাড়া ও জমার টাকা পরিবর্তনে বিআরটিএ এর এই প্রস্তাব গ্রহণ না করায় শেষপর্যন্ত তা কার্যকর হয়নি।
২০০২ সালের গেজেট অনুসারে সিএনজি মালিকরা প্রতিদিনের জমা হিসেবে চালকদের কাছ থেকে ৩০০ টাকা নেওয়ার কথা।
বিআরটিএ এর পরিচালক হুমায়ুন রশিদ খলিফা সোমবার নফহবংি২৪.পড়স কে জানান, “যেহেতু মন্ত্রণালয় আমাদের প্রস্তাব গ্রহণ করেনি তাই আমরা যাত্রী হয়রানি বন্ধ করতে পারছি না।”
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা বিআরটিএ এর প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। ফলে এখন মন্ত্রণালয়ে প্রস্তাবটির ওপর ধুলো জমছে।
গত বছর ৫ এপ্রিল বিআরটিএ প্রকৌশল বিভাগের পরিচালককে প্রধান করে বিআরটিএ একটি কমিটি তৈরি করে। মালিক পক্ষের তিনজন ও চালকদের তিনজনকে নিয়ে গঠিত এ কমিটি সিএনজি চালকদের যাত্রী হয়রানি বন্ধ করতে বিভিন্ন প্রস্তাব দেয়।
সভায় মালিকরা স্বীকার করেছিল যে তারা চালকদের কাছ থেকে ৬০০ থেকে ৭০০ টাকা জমা নেন। এর কারণ হিসেবে মালিকরা জানান, তাদের একটি সিএনজি অটোরিকশা কিনতে চার লাখ টাকা খরচ করতে হয়েছে যেখানে সরকারি নির্ধারিত মূল্য ছিল এক লাখ ৫৭ হাজার টাকা। তাই তারা এই অতিরিক্ত মূল্য পুষিয়ে নিতেই জমার পরিমাণ বাড়িয়ে দিতে বাধ্য হয়েছেন।
বৈঠকে সিএনজি চালকরা জানান, মালিকদের অতিরিক্ত জমা প্রদানের জন্য মিটারের নির্দিষ্ট ভাড়ার বাইরে আয়ের আর কোনো উৎস তাদের নেই।
দীর্ঘ বৈঠকের পর বিআরটিএ সিএনজিতে প্রথম দুই কিলোমিটারের ভাড়া ১২ টাকার জায়গায় ১৩ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ৫ টাকার পরিবর্তে সাড়ে ৫ টাকা করতে সম্মত হয়। এ ছাড়া অপেক্ষার (ধিরঃরহম পযধৎমব) ক্ষেত্রে প্রতি মিনিটে ৭৫ পয়সা নির্ধারণেও তারা সম্মত হয়।
কমিটি চালকদের মিটার জালিয়াতি রোধে বিআরটিএ, পুলিশ, এবং চালকদের প্রতিনিধির সমন্বয়ে একটি পরিদর্শক দল গঠনের প্রস্তাব দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মালিক জানান, “যেহেতু সিএনজির তুলনায় চালকের সংখ্যা বেশি তাই মালিকরা জমা হিসেবে তাদের কাছ থেকে ৬০০ থেকে ৭০০ টাকা আদায় করতে পারে।”
বিআরটিএ সূত্রমতে, বর্তমানে ১৩ হাজার সিএনজি চালিত অটোরিক্সা রাস্তায় চলাচল করছে।
বিগত জোট সরকার ২০০৩ সালে রাজধানী থেকে ৫০ হাজার টু-- স্ট্রোক বেবি ট্যাক্সি তুলে দিয়ে সেখানে মাত্র ১৩ হাজার সিএনজি অটোরিক্সা চালু করে।
প্রসঙ্গত, রাস্তায় চলাচলের অনুমতির ক্ষেত্রে সিএনজি এবং ট্যাক্সি ক্যাব চালকরা শহরের যেকোনো স্থানে সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করতে বাধ্য- একথা বলা হলেও এর কোনোটাই মানা হয় না।
সিএনজি চালকরা এ নির্দেশ মানার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন এবং এ নিয়ে তারা প্রায়ই যাত্রীদের হয়রানি করে থাকে। পুলিশও ওইসব অবাধ্য চালকদের ব্যাপারে পদক্ষেপ নিতে তেমন আগ্রহী নয়।
