চাঁপাইনবাবগঞ্জে অধিকাংশ ক্লিনিক, ব্লাডব্যাংক বন্ধ
যৌথবাহিনীর অভিযানের ভয়ে চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্সবিহীন ক্লিনিক, প্যাথলজি ও ব্লাডব্যাংকগুলো বন্ধ হয়ে গেছে। জেলা সিভিল সার্জন মঙ্গলবার এ ব্যাপারে নোটিশ দেওয়ায় পর মালিকরা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের চারটি ব্লাডব্যাংকের সবগুলোই বন্ধ ছিল। এরমধ্যে তিনটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছে।
একই অবস্থা শহরের অধিকাংশ ক্লিনিকের ক্ষেত্রেও। যে দু’একটি খোলা আছে চলতি বছর সেগুলোরও লাইসেন্স নবায়ন করা হয়নি বলে বলে জানান ওই সব ক্লিনিকের মালিকরা।
শহরের টিবি হাসপাতাল সড়কের ইসলামী হাসপাতালের একজন অংশীদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের হাসপাতালের লাইসেন্স ২০০৫-২০০৬ সাল পর্যন্ত নবায়ন করা আছে। হাল সালে নবায়ন করা হয়নি।
নিমতলায় মেডিকেয়ার ক্লিনিকের অন্যতম মালিক আধুনিক সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাজউদ্দিন জানান, যৌথবাহিনীর অভিযানের ফলে অনেকেই ভয়ে ক্লিনিক বন্ধ রেখেছে।
তিনি বলেন, ক্লিনিক চালু রাখতে গেলে সরকারি কিছু নিয়ম মানতে হয়। অনেকেই পুরোপুরি মেনে চলতে পারে না। আমাদেরও কিছু ঘাটতি রয়েছে। সে কারণে আমরাও ক্লিনিক বন্ধ রেখেছি।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. ফখরুল ইসলাম নফহবংি২৪.পড়সকে বলেন, যাদের লাইসেন্স নেই তাদের ক্লিনিক প্যাথলজি বন্ধ রাখতে বলা হয়েছে।
