২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবদহের গলার ফাঁস ‘কারেন্ট সুদ’

ভবদহের হোমিও চিকিৎসক ষাটোর্ধ্ব কৃষ্ণপদ মণ্ডল অসহায় কণ্ঠে বললেন, আত্মহত্যা ছাড়া কোনও পথ খোলা নেই তার। অপমানের গ্লানি সারাক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে জীবনের পড়ন্ত বেলায় পৌঁছানো এই মানুষটিকে। যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামের কৃষ্ণপদ মণ্ডল আড়াই বছর আগে ১০ হাজার টাকা ঋণ নেন ‘মহাজন’ মৃণাল হালদারের কাছ থেকে। সেই টাকা এখন সুদে--মূলে পৌঁছেছে এক লাখ দশ হাজারে। আরও জানাচ্ছেন যশোর প্রতিনিধি তৌহিদ জামান

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 08:38 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

টাকা শোধ করতে না পারায় মৃণাল বাড়িতে এসে গালিগালাজ করে। বেঁধে নিয়ে গিয়ে পাওনা আদায় করা হবে বলে শাসায়। নিরন্তর এই অপমানের গ্লানি বয়ে বেড়াতে হচ্ছে কৃষ্ণপদ মণ্ডলকে।

শুধু কৃষ্ণপদ নয়, প্রকাশ্যে অথবা গোপনে ‘মহাজনের’ জালে আটকা পড়েছেন যশোরের অভয়নগর, মনিরামপুর আর কেশবপুর উপজেলার দেড় শতাধিক গ্রামের হাজার হাজার মানুষ। ব্যক্তিপর্যায়ে নেওয়া ঋণের সুদ বিদ্যুৎ গতিতে বাড়ে বলে ভবদহের হতদরিদ্র মানুষ এর নাম দিয়েছেন “কারেন্ট সুদ”।

একশ টাকায় প্রতিদিন সুদ গুণতে হয় এক টাকা হারে। এর অর্থ এক হাজার টাকা ঋণ নিলে এক মাস পর আসলের অতিরিক্ত তিনশ টাকা পরিশোধ করতে হবে।

এছাড়া, মাসের সুদ সেই মাসে শোধ না করলে বাড়তি আরও পঞ্চাশ টাকা জরিমানা আদায় করেন ‘মহাজনরা’। সব মিলিয়ে অবিশ্বাস্য ঋণের জালে আটকে পড়ছেন এলাকার হতদরিদ্ররা। দিন দিন সুদে-মূলে বাড়ছে টাকার অংক।

ঋণ জর্জরিত এসব মানুষ গরু, ছাগল, থালা--বাসান, সহায়--সম্বল বিক্রি করেও রেহাই পাচ্ছে না। বাঁচার তাগিদে অনেকে নিরুদ্দেশ অথবা দেশত্যাগও করেছেন। এমনকি অত্মহত্যার ঘটনাও ঘটেছে।

অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ফুলেরগাতী গ্রামের দরিদ্র ভ্যানচালক শ্রীকান্ত বিশ্বাস (৪৫) ১৮ জানুয়ারি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা জানান, শ্রীকান্ত ‘কারেন্ট সুদে’ টাকা নিয়েছিলেন বিমল বিশ্বাসের কাছ থেকে। পরে নিজের ৪৬ শতাংশ জমি বিক্রি করেও সুদ--আসলের টাকা শোধ করতে পারেননি।

একপর্যায়ে তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েও ‘মহাজনকে’ টাকা দেন। তারপরও সব পাওনা মেটাতে না পেরে দু’দফা চেষ্টায় আত্মহত্যা করেন শ্রীকান্ত।

অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার দেড় শতাধিক গ্রামে জলাবদ্ধতার কারণে গত দু’বছর ফসল ফলেনি। এরফলে সৃষ্ট মানুষের চরম অর্থকষ্টের সুযোগ কাজে লাগিয়েছেন স্থানীয় কয়েক ‘মহাজন’। তার চালু করেন সুদের ব্যবসা।

মনিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের দশরথ কবিরাজ ঋণ শোধে ব্যর্থ হওয়ায় ‘এক মহ্জন’ বাড়ি থেকে দুটি গরু ধরে নিয়ে যায়।

অভয়নগর উপজেলার গোবিন্দপুর গ্রামের তপন বিশ্বাসের স্ত্রী সুলতা বিশ্বাস জানান, সুন্দলী গ্রামের পঞ্চানন মল্লিকের কাছ থেকে নয় হাজার টাকা নিয়েছিলেন তার স্বামী। সুদে--আসলে এখন তা দাঁড়িয়েছে চল্লিশ হাজারে। দেনা শোধ করতে না পেরে তিনি এলাকা ছেড়েছেন।

ধোপাদি গ্রামের রশিদ মিয়ার কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছিলেন গোবিন্দপুর গ্রামের সুশান্ত মণ্ডল। ‘কারেন্ট সুদের’ কারণে সেটি ৪০ হাজারে দাঁড়ায়। টাকা পরিশোধ করতে না পারায় সুশান্ত ও তার ছেলে হারাধরকে দুদফা আটকে রাখেন ‘মহাজন’ রশিদ। শেষপর্যন্ত ভারতে চলে যেতে বাধ্য হন সুশান্ত ও তার ছেলে।

একইভাবে পালিয়ে ভারতে গেছেন আন্ধা গ্রামের অসীম রায় (৩০)। ২৫ হাজার টাকায় এক বছরে তার সুদমূল হয় ১ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে ৫০ হাজার টাকা শোধ করেন তিনি।

এছাড়া, ‘কারেন্ট সুদের’ কারণে মনিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের বুলু সরকার, হরিদাস কাটির পরিতোষ দাস (৩৫), অভয়নগর উপজেলার নির্মল সরকার (৪২) এখন সর্বস্বান্ত।

ভবদহ এলাকা ঘুরে যেসব তথাকথিত মহাজনের নাম পাওয়া গেছে তাদের কয়েকজন হলেন, ফুলেরগাতী গ্রামের শক্তি বিশ্বাস, সুন্দলী এলাকার সুশীল কবিরাজ, দুলাল মণ্ডল, বিমল বিশ্বাস, বাটুল বিশ্বাস, আনন্দ বিশ্বাস, অনিল বিশ্বাস, কৃষ্ণপদ ধর, আশীষ মল্লিক, ভাটবিলা গ্রামের বিপুল হালদার, ধোপাদি গ্রামের তপন বোস, আ. সবুর, ইসমাইল হোসেন ও কাওসার আলী।

শ্রীকান্তের মৃত্যুর জন্য যাকে দায়ী করা হয় সেই বিমল বিশ্বাস ‘কারেন্ট সুদের’ ব্যবসার কথা অস্বীকার করেছেন। নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, “আমি সুন্দলী আঞ্চলিক ভ্যানচালক সমিতির সভাপতি। সমিতি একশ টাকায় মাসিক তিন টাকা হারে মানুষজনকে ঋণ দিয়ে থাকে।”

ধোপাদি গ্রামের ‘মহাজন’ সবুর সুদে টাকা খাটানোর কথা স্বীকার করলেও তা ‘কারেন্ট সুদ’ নয় বলে দাবি করেন। চার টাকা সুদে ঋণ দেন বলে তিনি জানান।

ডহর মশিয়াহাটি গ্রামের গোলক বিশ্বাস অবশ্য একসময়ে ‘কারেন্ট সুদে’ টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে জানান।

স্থানীয়রা জানান, ভবদহ এলাকায় প্রায় প্রতিটি গ্রামে সরকারের অনুমতি ছাড়াই শ’ শ’ সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধন, অগ্রগতি, অগ্রগামী, বন্ধুকল্যাণ, মানবকল্যাণ ইত্যাদি নামের সমিতি ব্যাংক অথবা অন্য কোনও সংস্থা থেকে স্বল্পসুদে ঋণ নিয়ে মানুষ ঠকানোর কাজ চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি এসব এলাকায় যৌথবাহিনীর সদস্যদের দেখার পর ‘মহাজনদের’ অনেকে গা ঢাকা দিয়েছেন। কেউ কেউ আপাতত বন্ধ রেখেছেন তাদের ব্যবসা।

প্রশাসন ও জনপ্রতিনিধিদের কেউই অবশ্য ‘কারেন্ট সুদের’ বিষয়ে পরিষ্কার কিছু বলতে রাজি হননি।  সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ মল্লিক স্বীকার করেন, শ্রীকান্ত দেনার কারণেই আত্মহত্যা করেছেন। তবে ‘মহাজন’ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে তিনি বলেন, “আমি আসলে এতসব কিছু জানি না। যৌথবাহিনী আর আপনাদের কাছে থেকে যা শুনেছি ততটুকুই কেবল বলতে পারি।”

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার এলাকায় নতুন এসেছেন বলে ‘কারেন্ট সুদ’ সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেন। যশোরের পুলিশ সুপার জহিরুল ইসলাম ভূঁইয়া এবিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে যশোর জেলা প্রশাসক আবুয়াল হোসেন বলেন, “কারেন্ট সুদের বিষয়টি শুনেছি, তবে এ ব্যাপারে কেউ না জানালে আমি ব্যবস্থা নিতে পারি না।” তিনি অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দেন।