গ্রেনেড হামলার পুন:তদন্তের দাবি জানিয়েছেন সাবের হোসেন চৌধুরী
শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার পুন:তদন্ত দাবি করেছেন তাঁর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী।
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে চালানো ওই গ্রেনেড হামলায় দলের ২৪ নেতাকর্মী নিহত হন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাবের চৌধুরী হামলাকারী, হামলার পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের আইনের আওতায় এনে বিচারের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “আমরা বারবার দাবি জানানোর পরও বিগত বিএনপি--জামাত জোট সরকার অপরাধীদের আড়াল করার উদ্দেশে এব্যাপারে কার্যকর কোন তদন্ত করেনি। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে আলোচিত ও ঘৃণিত এই গ্রেনেড হামলা বিগত বিএনপি--জামাত জোট সরকারের ইন্ধন ছাড়া সংগঠিত হয়নি বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
