নির্বাচন কমিশন পুনর্গঠন করায় ইউএনডিপি সন্তুষ্ট
নির্বাচন কমিশন পুনর্গঠন করায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সন্তোষ প্রকাশ করেছে।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়ান এর নেতৃত্বে পাঁচ সদস্যর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনের সঙ্গে সাক্ষাত করে তাদের এই সন্তুষ্টির কথা জানান।
প্রায় এক ঘন্টার সাক্ষাত শেষে রেনাটা লক ডেসালিয়ান সাংবাদিকদের জানান, নতুন নির্বাচন কমিশনের সঙ্গে তারা মূলত সৌজন্য সাক্ষাত করতে এসেছিলেন। তারা কমিশনকে জানিয়েছেন, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইউএনডিপির পক্ষ থেকে সব ধরনের সাহায্য -- সহযোগিতা করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠন হওয়ায় আমরা খুবই সন্তুষ্ট।”
তবে সাক্ষাত অনুষ্ঠানে নির্ভূল ভোটার তালিকা, ভোটার পরিচয়পত্র বা স্বচ্ছ ব্যালট বক্স -- ইত্যাদি বিষয়ে তাদের মধ্যে কোনো কথা হয়নি।
পরে নির্বাচন কমিশনার ছহুল হোসাইনও ইউএনডিপির সন্তোষ প্রকাশের কথা সাংবাদিকদের জানান।
নতুন কমিশন এখনও নির্বাচনের সমস্যা চিহ্নিত করছে -- এ কথা জানিয়ে ছহুল হোসাইন বলেন, “ইউএনডিপি প্রতিনিধি দল আমাদের বলেছে, সবাই আপনাদের গ্রহণ করেছে। আমরাও ভাবছি, দেশবাসী আপনাদের কাছ থেকে কিছু পাবে। আমরা আপনাদের সব ধরনের সাহায্য করবো।”
এর আগে জাতিসংঘ ২২ জানুয়ারির নির্বাচনে সব ধরনের সহায়তা বন্ধ করার ঘোষণা দিয়েছিল। তখন তারা কমিশনকে জানিয়েছিল, ওই নির্বাচন পর্যবেক্ষণে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না। এরপর কমিশনের সঙ্গে জাতিসংঘের কোনো সংস্থার এটিই প্রথম সাক্ষাত।
রাজনৈতিক দাবির মুখে গত ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত সিইসি বিচারপতি মাহফুজুর রহমানসহ পাঁচ নির্বাচন কমিশনার একযোগে পদত্যাগ করেন। তারও আগে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ ছুটিতে থাকা অবস্থায় ২১ জানুয়ারি পদত্যাগ করেন।
১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার পরপরই ২২ জানুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ওই নির্বাচন বাতিল করা হয়।
