সাতক্ষীরায় চাঁদাবাজির সময় ২ ভুয়া সেনাসদস্য গ্রেপ্তার
সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে চাঁদাবাজি করার সময় জনতা দু’ ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার সকাল ১১টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের আবদুল সোবহানের ছেলে আবদুল হামিদ (৩২) ও একই গ্রামের আনোয়ার আলীর ছেলে পারভেজ খাঁ ওরফে নাজু (৩৫)।
বড়দল ইউপি চেয়ারম্যান ইউনুস সানা, ইউপি সদস্য আফজাল সানা ও বাজার কমিটির সভাপতি কামরুল গাজী জানান, গ্রেপ্তারকৃত ওই দুই ব্যক্তি গত শনিবার ও রোববার বড়দল বাজারে নিজেদেরকে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সদস্য বলে পরিচয় দেয় এবং কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে চাঁদা আদায় করে।
বুধবার সকালে উপরোক্ত দু’ব্যক্তি আবার বড়দল বাজারে এসে মোটর সাইকেলের কাগজপত্র পরীক্ষার নামে টাকা আদায় করা শুরু করে। বিষয়টি স্থানীয় জনসাধারণের সন্দেহ হলে তারা ওই দুই ব্যক্তিকে আটক করে আশাশুনি থানায় খবর দেয়।
আশাশুনি থানার এসআই হুমায়ূন জানান, সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে তিনি ওই দু’ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা অপরাধের কথা স্বীকার করেন। তাদের পরনে সেনাবাহিনীর পোশাক ছিল।
তাদের কাছে দু’টি ভুয়া সেনা সদস্যের পরিচয়পত্র পাওয়া গেছে। এ ব্যাপারে বড়দল ইউপির সাবেক সদস্য আব্দুল হামিদ গাজী বাদী হয়ে দ্রুত বিচার আইনের ৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন।
