২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরপ্রাপ্ত এআইজি খুনের ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এআইজি) লুৎফুল কবীর খুনের ঘটনায় পুলিশ মোহাম্মদ রাজু নামে আরও একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 08:21 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এআইজি লুৎফুল কবীর নগরীর কুড়িল বিশ্বরোডে মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন।

হত্যার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের হাতে আটক উজ্জ্বল হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার সকালে টঙ্গী থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা ও থানা পুলিশ টঙ্গীর দত্তপাড়া লেনে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। একই সময় তার কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত ১৩ ইঞ্চি লম্বা একটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। উজ্জ্বল ও রাজু দুজনেই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। 

অবসরপ্রাপ্ত এআইজি হত্যা মামলাটি খিলক্ষেত থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, “গুলশান ও বাড্ডা থানা পুলিশের সহযোগিতায় আমরা অপর হত্যাকারী রাজুকে টঙ্গী থেকে গ্রেপ্তার করেছি।”

তিনি বলেন, “ছিনতাইকারীদের বাধা দিতে গিয়েই সাবেক এআইজি খুন হয়েছেন বলে পুলিশ নিশ্চিত।”   

এদিকে বুধবার দুপুর একটায় মরহুমের নামাজে জানাজা রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্য অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য তার লাশ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।