চট্টগ্রাম বন্দরের অবকাঠামো উন্নয়নে সহায়তা করতে চায় এডিবি
চট্টগ্রাম বন্দরের অবকাঠামো উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে।
চট্টগ্রাম চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) এর পরিচালকদের এক মতবিনিময় সভায় এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দু বলেন , চট্টগ্রাম বন্দরসহ বাংলাদেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে এডিবি সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।
সিসিসিআই মিলনায়তনে মঙ্গলবার এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হুয়া দু বলেন, বিশ্ব ব্যাংক ও ডিএফআইডির সঙ্গে এডিবি যৌথভাবে এখন চট্টগ্রামে এবং ঢাকায় বিশুদ্ধ পানি সরবরাহে কাজ করবে। এছাড়া একই সঙ্গে এই দুই মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নেও তারা ভূমিকা রাখবে।
এডিবির আবাসিক প্রতিনিধি বলেন, চট্টগ্রাম বন্দর উপমহাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। সঠিক পরিকল্পনা নিয়ে উন্নয়ন করা গেলে এই বন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম আমদানী -- রপ্তানীর কেন্দ্রবিন্দুতে পরিনত হবে। রাতারাতি এ দেশের অর্থনীতি হয়ে উঠবে চাঙ্গা।
তিনি বলেন, এ দেশে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করে চট্টগ্রাম বন্দরের সেবা ভারত, নেপাল, ভুটান ও মায়ানমারে সম্প্রসারণ করা গেলে তা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যাপক সহায়তা করবে।
সিসিসিআই সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সিনিয়র সহ -- সভাপতি এম এ লতিফ, সহ -- সভাপতি মাহবুব আলম, পরিচালক মো. আমিরুল হক, এডিবির পরিবহন বিভাগীয় প্রধান স্টেফান ডকলন্ড উপস্থিত ছিলেন।
