২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের প্রশংসা করেছে এডিবি

দুর্নীতির বিরুদ্ধে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ অর্থনৈতিক ক্ষেত্রের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 06:01 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দু সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ইতিবাচক প্রভাব নিঃসন্দেহে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর পড়বে।”

চলমান সময়ে সব পক্ষের অংশগ্রহণে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই চলছে তাকে ইতিবাচক মন্তব্য করেন হুয়া দু। 

দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ দেশের প্রতিটি নাগরিক একটি শক্তিশালী, যোগ্য ও দক্ষ দুর্নীতি দমন কমিশন দেখতে চায়, যেটি দুর্নীতির বিরুদ্ধে কার্যকর লড়াই চালাতে সক্ষম হবে।”

সবার অভিন্ন এই লক্ষ্যকে এডিবি দৃঢ়ভাবে সমর্থন করে বলেও তিনি জানান।

হুয়া দু সাংবাদিকদের জানান, নতুন পরিস্থিতিতে অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র দূরীকরণে সরকারকে কীভাবে সহায়তা করা যায় সেটি খতিয়ে দেখার জন্য এডিবির  দক্ষিণ এশিয়া বিষয়ক নির্বাহী পরিচালক মঙ্গলবার ঢাকা আসবেন।

পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “চলমান প্রকল্পগুলোতে এডিবি তার অর্থ সহায়তার দ্রুত ব্যবহার দেখতে চায়।”

উপদেষ্টা আরও বলেন, বিদ্যুৎ উৎপাদন ও প্রস্তাবিত পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই ও কারিগরি কাজের মতো প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে চায় এডিবি।

তিনি জানান, এডিবি বাংলাদেশে সুশাসন বিশেষ করে নির্বাহি বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণে সহায়তার আশ্বাস দিয়েছে।