পাবনায় যাত্রীবাহী বাসে ডাকাতি
পাবনার আতাইকুলায় শনিবার ভোরে যাত্রীবাহী একটি বাসে ডাকাতি হয়েছে। ডাকাত দল নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও ৩০টি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়। এ সময় আহত হয়েছেন ১৫ যাত্রী।
পাবনার পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ আলম জানান, পাবনা থেকে ভোর পৌনে ৫ টায় রাজা বাদশা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করে। বাসটি আতাইকুলা পার হলে যাত্রীবেশী ৮/১০ জনের একদল ডাকাত চালককে অস্ত্রের মুখে জিম্মি করে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর তারা প্রায় আধাঘণ্টা ধরে লুটতরাজ করে।
ডাকাতদল যাত্রীদের কাছ থেকে ৩০ টি মোবাইল ফোন ও প্রায় পাঁচ লাখ টাকা কেড়ে নিয়ে বনগ্রাম বাজারের আগে নেমে যায়। তাদের এলাপাতারি আঘাতে আহত হন ১৫ যাত্রী।
সাহেব আলী নামে এক যাত্রী ওই বাসে আড়াই লাখ টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পাবনা সদর থানা পুলিশের ধারণা, তাকে অনুসরণ করেই ওই ডাকাতি হয়েছে।
