আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনায় ২ জন খুন, গ্রেপ্তার ৫
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চ গ্রামে বুধবার রাতে প্রতিপক্ষের হামলায় দবির মোল্লা (৭০) ও তার ভাই আ. রশীদ (৬৫) খুন হয়েছে। হামলায় গুরুতর আহত হন নিহত দবির মোল্লার ছেলে আলমগীর (২৮)।
তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ কবীর জানান, মঙ্গলবার হেলেঞ্চ গ্রামের দবির মোল্লার কলাই খেতে প্রতিবেশী লুৎফর রহমানের গরু ঢুকে কলাই খেয়ে ফেলে। দবির মোল্লা ও তার ছেলে আলমগীর গরুটিকে আটক করে খোয়াড়ে নিতে গেলে লুৎফর রহমান তার লোকজনসহ এতে বাধা দিয়ে গরু ছাড়িয়ে নেয় এবং এ ঘটনার জন্য দবির মোল্লাকে শাসিয়ে যায়।
বুধবার রাত ৮টার দিকে হেলেঞ্চ বাজার থেকে ফেরার পথে লুৎফর রহমানের লোকজন দবির, তার ভাই রশীদ ও ছেলে আলমগীরের ওপর লাঠিসোটা ও রড নিয়ে চড়াও হয়ে বেদমভাবে পেটায়। গুরুতর আহত অবস্থায় তাদের আলফাডাঙ্গা থানা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে সেখানে দবির মারা যায়। আহত রশীদকে ঢাকা নিয়ে যাবার পথে রাতে তিনিও মারা যান। আহত আলমগীরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহত দবিরের ছেলে জাহাঙ্গীর বাদী হয়ে মামলা করলে আলফাডাঙ্গা থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
