২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে হাসিনাকে

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পর এবার শেখ হাসিনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও বাদী দুদকের উপ পরিচালক এস এম শাব্বির হাসান সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাসিনাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী পরে আবেদনটি মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 12:53 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পর এবার শেখ হাসিনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও বাদী দুদকের উপ পরিচালক এস এম শাব্বির হাসান সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাসিনাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী পরে আবেদনটি মঞ্জুর করেন। দুর্নীতির এই মামলাটিতে শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান নাইকোকে বাংলাদেশের তিনটি গ্যাসক্ষেত্র ইজারা দিয়ে সরকারের ১৩ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি করার অভিযোগ আনা হয়। গত ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় করা ওই মামলার অন্য আসামিরা হলেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. তৌফিক ই এলাহী চৌধুরী ও এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। একই দিন একই অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা করেন দুদকের উপ পরিচালক মাহবুবুল আলম। ওই মামলায় মামলায় রোববার খালেদা জিয়া, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এ কে এম মোশাররফ হোসেনকে একই আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট জেনারেল রেকর্ডিং অফিসের কর্মকর্তা মাহফুজ আলম জানান, হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী নূর আলীর করা চাঁদাবাজি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার নবম ধার্য তারিখ সোমবার পার হয়েছে। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা এদিনও তা দাখিল করেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএ/১৮৪১ঘ.