২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সাবাজারে গ্রাম সংরক্ষণ দলের মাঝে ৪২ লাখ টাকা বিতরণ

পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিন ও সোনাদিয়ার ৪২টি 'গ্রাম সংরক্ষণ দল'কে সোমবার ৪২ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 12:15 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

কক্সবাজার, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিন ও সোনাদিয়ার ৪২টি 'গ্রাম সংরক্ষণ দল'কে সোমবার ৪২ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর ১৯৯৯ সালে কক্সবাজার থেকে টেকনাফ সমুদ্র সৈকত, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও মহেশখালীর সোনাদিয়া দ্বীপকে 'প্রতিবেশ সংকটাপন্ন এলাকা' হিসেবে ঘোষণা করে। এসব এলাকায় যারা জীবিকার তাগিদে জীববৈচিত্র ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। প্রতিবেশ রক্ষায় তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করতে সরকার এ অনুদান দিচ্ছে। শহরের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে 'গ্রাম সংরক্ষণ দল' এর সদস্যদের মাঝে অনুদান বিতরণ করা হয়। ৩০ জনের প্রতিটি দলকে এক লাখ টাকা করে দেয়া হয়। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. খন্দকার রাশেদুল হক বলেন, পৃথিবীতে সুন্দর ও সুস্থভাবে বাঁচতে হলে পরিবেশের সঙ্গে মিলেমিশেই থাকতে হবে। প্রতিবেশ সংকটাপন্ন এলাকার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি জানি জীববৈচিত্র রক্ষা করতে গেলে আপনাদের বেঁচে থাকাটা কষ্টকর হয়ে উঠবে। তার জন্যই বিকল্প আয়ের ব্যবস্থা নেয়া হয়েছে।" তিনি আর বলেন, অনুদান দিয়ে এমন কোন ব্যবসা করা যাবে না, যাতে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র ক্ষতির সম্মুখীন হয়। পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমির জীববৈচিত্র ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান বলেন, সেন্টমার্টিন দ্বীপ অত্যন্ত প্রতিবেশ সংকটাপন্ন একটি এলাকা। এখানে কিভাবে বড় বড় হোটেল গড়ে উঠলো তা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, "সরকারের কোন দপ্তরই হয়তো এটা করার সুযোগ করে দিয়েছে।" অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক নাজমুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর আবদুর রব মোল্লা, সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মৌলভী ফিরোজ আহমদ ও গ্রাম সংরক্ষণ দলের সদস্য নুরুল আজিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র ব্যবস্থাপনা প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আবু সুমন। অনুষ্ঠান পরিচালনা করেন ইসিএ (ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া) ব্যবস্থাপনা কর্মকর্তা একেএম রফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১০ ঘ.