সাভার, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে সেনাসদস্য মাকসুদ হায়দার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৪ সাভার ক্যাম্পের সদস্যরা গত দু'দিন অভিযান চালিয়ে ছিনতাইয়ে ব্যবহৃত ট্যাক্সিক্যাব জব্দ করে এবং সেনাসদস্যের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে।
বগুড়া সেনানিবাসের সৈনিক মাকসুদ ছুটিতে বাড়ি যাওয়ার পথে গত ১৫ ডিসেম্বর ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হন।
সোমবার র্যাব-৪ এর সাভার ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে লে. কমান্ডার আরিফুল ইসলাম জানান, শনিবার সকালে রাজধানীর গাবতলী থেকে র্যাব-৪ সদস্যরা প্রথমে মহিউদ্দিন (২০) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। পরে তার মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে ওই দিনই মিরপুর থেকে আবদুল খালেক (২৫) ও রাজু আহমেদ রানাকে (৩০) গ্রেপ্তার করে র্যাব। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মিরপুর-১৩ নম্বর এলাকার একটি বাসা থেকে শাহ আলম (৩০) ও দেলোয়ার হোসেনকে (২৬) রোববার গভীর রাতে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত হলুদ ট্যাক্সিক্যাব (ঢাকা মেট্টো-প-১৪-৪৬৪৫)।
আরিফুল ইসলাম বলেন, র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন ছিনতাইয়ের উদ্দেশ্যে সৈনিক মাকসুদকে তারা ট্যাক্সিক্যাবে তোলে। তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেওয়ার পর তিনি নিজেকে সেনা সদস্য পরিচয় দেন। ছিনতাইকারীরা তখন ভয় পেয়ে তাকে গলা টিপে করে হত্যা করে। পরে তারা লাশ সাভারের বলিয়ারপুরে ফেলে দেয়।
তিনি জানান, সেনাসদস্য মাকসুদ হায়দার গাবতলী থেকে সায়েদাবাদ যাওয়ার সময় চক্রটি তার কাছে থাকা দুই মাসের বেতন ও উৎসব ভাতাসহ নগদ ১৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে। গ্রেপ্তারকৃত রাজু আহমেদ রানার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের সাভার থানায় হস্তান্তর করা হয় বলে আরিফুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৭৫০ ঘ.
bdnews24