সিলেট, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যে জাতি ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে সফল হয়েছে সে জাতি দুর্নীতির কাছে পরাজিত হতে পারে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
তিনি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, "দুর্নীতি দমনের জন্য প্রকাশ্যে বাধা দিতে হবে। তাহলে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর দুর্নীতি নিয়ন্ত্রণ হলেই ফিরে আসবে সুশাসন। জবাবদিহিতা নিশ্চিত হবে।"
রোববার দুপুর ২টায় সিলেটের এম সাইফুর রহমান মিলনায়তনে সিলেটের সুধীজনদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন স্তরের লোকজন ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
হাসান মশহুদ চৌধুরী বলেন, "দুর্নীতি মূলত মনের ব্যাপার। ইচ্ছে করেই অনেক মানুষ অসৎ ও মন্দকে গ্রহণ করে দুর্নীতগ্রস্ত হয়ে উঠে। একটু সচেতন হলে কেউ আর দুর্নীতিতে জড়াবে না।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিএনপি ও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা দুদফা বাড়িয়েছিল। কিন্তু বেতনভাতা বাড়ালেও দুর্নীতি কমাতে পারেনি। সুতরাং বেতনভাতা কম থাকায় প্রশাসনে দুর্নীতি হচ্ছে এ অভিযোগ ঢালাওভাবে সত্য নয়।"
কম বেতনে থাকা নিম্ন পর্যায়ের কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত নয় বলে দাবি করেন কমিশনের চেয়ারম্যান।
সুশীল সমাজের নেতারা বলেন, সিলেটে এমন এক সময় ছিল যারা ঘুষ খেত কিংবা দুর্নীতি করতো তাদের সঙ্গে কেউ আত্মীয়তা করতো না। তাদেরকে সবাই ঘৃণা করতো। সিলেটের আগের সেই অবস্থা ফিরিয়ে আনলে সিলেট হবে দুর্নীতি প্রতিরোধের মডেল এলাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24