ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও থানা এলাকায় রোববার সকালে জাহাঙ্গীর হোসেন (৩৮) নামে এক ডিম ব্যবসায়ী সন্ত্রাসীদের ছুরির আঘাতে নিহত হয়েছে।
খিলগাঁও থানার উপ পুলিশ পরিদর্শক রাফাত আরা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৮টায় মালিবাগ চৌধুরিপাড়ার ৬১/বি নম্বর বাসার সামনে থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এই ঘটনায় জাহাঙ্গীরের ছোট ভাই সাজু সরদারের করা মামলার বরাত দিয়ে রাফাত আরা সুলতানা জানান, জাহাঙ্গীর ভ্যানে করে বিভিন্নস্থানে ডিম সরবরাহ করত। রোববার সকালে ভ্যান নিয়ে ডিম কেনার উদ্দেশ্যে সে বের হয়। পরে এলাকাবাসী বাসার সামনে ভ্যানের ওপরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়।
মামলায় অভিযোগ করা হয়, ডিমের ব্যবসা নিয়ে আলমগীর নামে একজনের সঙ্গে জাহাঙ্গীরের বিরোধ ছিল। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, সাজু দাবি করেছেন, তার ভাইকে হত্যা করে সন্ত্রাসীরা ২০ হাজার টাকা নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৯৩৮ ঘ.
bdnews24