২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান সরকারই উপজেলা নির্বাচন করতে চায়: আনোয়ারুল ইকবাল

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছাড়ার আগেই উপজেলা নির্বাচন করে যেতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেও এটি অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 01:08 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছাড়ার আগেই উপজেলা নির্বাচন করে যেতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেও এটি অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। রোববার সচিবালয়ে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকার উপজেলা নির্বাচন করে যেতে চায়। কারণ, এর আগের সরকারগুলো সুযোগ থাকার পরও উপজেলা নির্বাচন করেনি। আমরা করে না গেলে ভবিষ্যতেও এ নির্বাচন হবে বলে আমি মনে করি না।" জাতীয় নির্বাচনের সঙ্গে উপজেলা নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে আনোয়ারুল ইকবাল বলেন, "দুটি নির্বাচন একসঙ্গে অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো বাধা নেই। বাংলাদেশের মানুষ একসঙ্গে দুটি ব্যালট পেপারে ভোট দিতে অভ্যস্ত।" এক্ষেত্রে দুই ধরনের ব্যালট বাক্সের জন্য কত টাকা লাগবে তা পরীক্ষা করে দেখা হবে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, "বর্তমানে বিভিন্ন সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনয়ন পরিষদের জন্য আলাদা আইন রয়েছে। সরকার এখন সমন্বিত আইন প্রণয়ন করার কথা ভাবছে।" তিনি জানান, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার অংশ হিসেবে আগামী ৫ জানুয়ারি ঢাকার জাতীয় প্যারেড স্কয়ারে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের জাতীয় সম্মেলন হবে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এ সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে সিটি করপোরেশনগুলোর কমিশনার এবং পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান ও একজন করে নির্বাচিত মহিলা কমিশনার যোগ দেবেন। এর আগে উপদেষ্টা স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সভাপতিত্ব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসএনডি/জেকে/১৮০৩ ঘ.