২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার কথা ভাবছে ইসি

যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার কথা ভাবছে নির্বাচন কমিশন। এ জন্য নির্বাচনী সংস্কার আইনের খসড়ায় একটি নতুন ধারা যোগ করার কথাও চিন্তা করা হচ্ছে। রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সিইসি বলেন, "কে যুদ্ধাপরাধী, আর কে যুদ্ধাপরাধী নয়, সেটি নির্ণয় করা মুশকিল। কিন্তু যুদ্ধাপরাধের দায়ে কেউ যদি আদালত কর্তৃক দণ্ডিত হয়, তাহলে সে নির্বাচনে অংশ নিতে পারবে না। এ জন্য আমরা খসড়া আইনে একটি বিধান রাখতে পারি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 10:15 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার কথা ভাবছে নির্বাচন কমিশন। এ জন্য নির্বাচনী সংস্কার আইনের খসড়ায় একটি নতুন ধারা যোগ করার কথাও চিন্তা করা হচ্ছে। রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সিইসি বলেন, "কে যুদ্ধাপরাধী, আর কে যুদ্ধাপরাধী নয়, সেটি নির্ণয় করা মুশকিল। কিন্তু যুদ্ধাপরাধের দায়ে কেউ যদি আদালত কর্তৃক দণ্ডিত হয়, তাহলে সে নির্বাচনে অংশ নিতে পারবে না। এ জন্য আমরা খসড়া আইনে একটি বিধান রাখতে পারি।" ১২ সেপ্টেম্বর থেকে কমিশন নির্বাচনী আইনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। এ পর্যন্ত অনুষ্ঠিত সংলাপে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টি (মঞ্জু) ছাড়া বাকীদলগুলো জামায়াতসহ স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে। আদালতের স্থগিতাদেশের কারণে বিএনপির সঙ্গে এখনও সংলাপ হয়নি। এদিকে রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলী খান শনিবার সাংবাদিকদের বলেছেন, সংসদ নির্বাচনের আগে উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন হলে রাজনৈতিক জটিলতা দেখা দেবে। এ ক্ষেত্রে তিনি এসব নির্বাচন এক সঙ্গে হওয়া উচিৎ বলেও মন্তব্য করেন। এ প্রসঙ্গে রোববার সিইসি শামসুল হুদার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "আমাদের নির্বাচনের কর্ম পরিকল্পনাতেই (রোডম্যাপ) বলা আছে কোন নির্বাচন আমরা কখন করবো। রোডম্যাপ অনুযায়ী, সংসদ নির্বাচনের আগে আমরা চারটি সিটি করপোরেশন এবং কিছু গুরুত্বপূর্ণ পৌরসভা নির্বাচন করবো। এর বাইরে কোন বিশেষজ্ঞ কী বলেছে, সে অনুযায়ী রোডম্যাপ পরিবর্তন হবে না।" স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল রোববারই সাংবাদিকদের বলেছেন, এর আগে দেশে উপজেলা ও সংসদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠানের নজির রয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে সিইসি আরও বলেন, "কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে আমরা কোনো লিখিত প্রস্তাব পাইনি। মন্ত্রণালয়ের কাছ থেকে এ ধরনের কোনো প্রস্তাব পেলে নিশ্চয়ই আমরা তা বিবেচনা করবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এমএ/১৬০৭ঘ.