ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার সংকোচখালী গ্রামে শনিবার দু'দল গ্রামবাসীর সংঘর্ষে পবন মোল্লা নামে এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
লালমনিরহাটের হাতিবান্ধায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংকোচখালী গ্রামের আকমল ফকির ও জলিল মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের সূত্র ধরে শনিবার সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
দুপক্ষই ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষর উপর হামলা চালায়। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় পবন মোল্লা (৪৫), রেজাউল ফকির (২৭) মুজিবর শেখকে (৩৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় পবন মোল্লা মারা যান।
লালমনিরহাট প্রতিনিধি জানান, হাতিবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এছাড়া প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
হাতিবান্ধা থানার সহকারী উপপরিদর্শক কামরুজ্জামান জানান, গেন্দুকুড়ি গ্রামের সাইফুলের জমি একই গ্রামের মোফাজ্জলের দলবল নিয়ে দখল করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে মোফাজ্জলের লোকজন সাইফুলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গেছে।
তিনি জানান, সংঘর্ষ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
কামরুজ্জামান জানান, এ ঘটনায় সাইফুল থানায় অভিযোগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৬ ঘ.
bdnews24