সিলেট, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জৈন্তাপুর উপজেলার বেলাপাড়া গ্রামে শুক্রবার সকালে গ্রামবাসীর সংঘর্ষে মহিলা ও শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে নয়জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- বেলাপাড়া গ্রামের সাইফুল্লা (৫০), ইশরাফ আলী (৪৫), নিজামউদ্দিন (২২), কেরামত উল্লা (৩২), আবদুল মতিন (৫৫), জমিরউদ্দিন (৬০), হালিমা বেগম (৪৫), দিলারা বেগম (৩০) ও রাজিয়া বেগমকে (৩৫)।
এছাড়া সোহেল আহমদ, বাবুল আহমদ, আবদুর রউফ, আবদুল মজিদ, আবদুল লতিফ, ফয়জুল ইসলাম, শরীফ আহমদ, আবদুর নূর, হাবিবুল্লা, লোদাই মিয়া, ফারুক মিয়া ও ইউনূস মিয়াকে স্থানীয় জৈন্তাপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে থানায় কোনো মামলা হয়নি।
স্থানীয়রা জনান, বৃহস্পতিবার বিকেলে হরিপুর এলাকার বেলাপাড়া গ্রামে আবদুল মতলিবের ছেলে সোহেল ও মিরাজ আহমেদের ছেলে বাবুল গরু চরাতে মাঠে যায়। এ সময় একটি গরু একই গ্রামের আবদুর নূরের ধানক্ষেতে পড়ে গেলে আবদুর নূর পক্ষের লোকজন সুহেল ও বাবুলকে বেধড়ক মারধর করে। এ নিয়ে রাতে প্রথম দফা আবদুর নূর ও সাইফুল্লার পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এর জের ধরে শুক্রবার সকাল ৮টায় দুপক্ষের মধ্যে আবার সংঘর্ষ বেধে যায়। প্রায় এক ঘন্টা সংঘর্ষ স্থায়ী হয়। পরে এলাকার লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বেলাপাড়া গ্রামের সামসুল হক জানান, সংঘর্ষের পর এলাকাবাসীর পক্ষ থেকে বুধবার সালিশ ডাকা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৯ ঘ.
bdnews24