২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণের কারণে ধোঁয়াশা বাড়ছে

সারাদেশ গত কয়েকদিনে মাঝারি কুয়াশা ও ধোঁয়ার সংমিশ্রণে ধোঁয়াশার ভাব বাড়ছে। দিনভর সূর্যের তেজ খুব একটা থাকছে না। হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরাঞ্চল। এ ঘটনার জন্য বায়ু দূষণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ২০ থেকে ৩০ বছর আগের তুলনায় শহর এলাকায় এখন ধোঁয়াশার পরিমাণ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 03:37 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশ গত কয়েকদিনে মাঝারি কুয়াশা ও ধোঁয়ার সংমিশ্রণে ধোঁয়াশার ভাব বাড়ছে। দিনভর সূর্যের তেজ খুব একটা থাকছে না। হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরাঞ্চল। এ ঘটনার জন্য বায়ু দূষণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ২০ থেকে ৩০ বছর আগের তুলনায় শহর এলাকায় এখন ধোঁয়াশার পরিমাণ বেশি। পাশাপাশি গ্রামাঞ্চলে এখন বেশি কুয়াশা পড়ার অন্যতম প্রধান কারণও বায়ুদূষণ। আইইউসিএন এর আবাসিক পরিচালক ড. আইনুন নিশাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, "বাতাসে জলীয় বাষ্প আছে। এগুলোর কোনোভাবে জমাট বাঁধার জন্য ক্ষুদ্র বস্তুকণার প্রয়োজন হয়। পরিবেশ দূষণ; যেমন, গাড়ির ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়ার কারণে বাতাসে ক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বেড়ে গেছে। এ কারণে দেশে কুয়াশা ও ধোঁয়াশার ভাব বেড়েছে।" গত কয়েকদিনে কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও ঢাকা-বরিশাল রুটের মাওয়া-জাজিরা নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে রাতে ফেরি চলাচল করতে না পারায় কয়েকদিন ধরে এসব পথে সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া, দেশের উত্তরাঞ্চলে কুয়াশায় জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিনাজপুর, রংপুর, পঞ্চগড়সহ অনেক জেলাই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। শহরের দোকানপাট খুলছে দেরিতে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশেই কমবেশি কুয়াশা পড়ছে। সকালের দিকে নদী অববাহিকা ও জলাভূমি সংলগ্ন এলাকায় ভারী কুয়াশা পড়ছে। এছাড়া, দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে। আগামী কয়েকদিন এ অবস্থা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারাদেশেই হালকা কুয়াশা পড়ছে। ঘন কুয়াশা আরও কয়েকদিন পরে আসবে। জানুয়ারিতে এ কুয়াশা এক থেকে দেড় সপ্তাহ স্থায়ী হতে পারে।" তিনি জানান, পরিবেশ দূষণের কারণে এখন কুয়াশা বেশি পড়ছে। ২০ থেকে ৩০ বছর আগে এ ধরনের কুয়াশা পড়তো না। শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার গোটা এলাকাতেই কুয়াশা বেশি পড়ছে। সুজিত কুমার দেব শর্মা বলেন, "শীতকালে বাতাস ভারী হয়ে নিচে নেমে আসে। এ কারণে দূষিত বস্তুও নিচে নেমে আসে। আর এসব দূষিত পদার্থ কুয়াশা তৈরিতে সহায়তা করে।" বিশেষজ্ঞরা জানান, অপরিকল্পিত নগরায়ণ ও বিভিন্ন ধরনের ধোঁয়া নির্গমণের হার বেড়ে যাওয়ায় পরিবেশ দূষণ বাড়ছে। ফলে কুয়াশার পাশাপাশি সৃষ্টি হচ্ছে ধোঁয়াশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইমামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেশি পরিমাণে ধোঁয়া ও ধুলো থাকলে ধোঁয়াশা ভাব থাকে। এটা পরিবেশ দূষণের কারণে হয়। পরিবেশ দূষণ আগের তুলনায় এখন অনেক বেশি। এ কারণে ধোঁয়াশাও বাড়ছে।" পরিবেশ অধিদপ্তরের এয়ারকোয়ালিটি ম্যানেজমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ নাসিরুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুষ্ক মওসুমে দূষণ সর্বোচ্চ পর্যায়ে থাকে। দূষণের মাত্রা এখন ন্যাশনাল অ্যামবিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড এর চেয়ে প্রায় তিনগুণের কাছাকাছি। তিনি জানান, ডিজেল চালিত পুরনো যানবাহন, ইটের ভাটাসহ বিভিন্ন কারণে বায়ু দূষণ বাড়ছে। ধোঁয়া ও কুয়াশা মিলে সৃষ্টি হচ্ছে ধোঁয়াশা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/২১২৯ ঘ.