ঠাকুরগাঁও, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কিশোর নূর হোসেন হত্যা মামলায় দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
বুধবার ঠাকুরগাঁও দায়রা জজ মো. রুহল আমিন খোন্দকার এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি হলেন- রাণীশংকৈলের বর্ণাটই গ্রামের কুরবান আলী (৩৬) ও আকালু (৩২)।
মামলার বিবরণে জানা গেছে, আসামি কুরবান আলী রাণীশংকৈল উপজেলার কর্ণাইট গ্রামের হাবিবুর রহমানের মেয়ে সাবিনাকে বিয়ে করেন। তাদের দুটি সন্তানও আছে। পারিবারিক কলহের জের ধরে কুরবান আলীকে তালাক দেন সাবিনা।
এ ঘটনার চার মাস পর কুরবান আলী ও তার সহযোগী আকালু ২০০৬ সালের ২৬ জুন সন্ধ্যায় সাবিনার ছোট ভাই নুর হোসেনকে (১২) গলা টিপে হত্যা করে। পরদিন ২৭ জুন নুর হোসেনের ভাই মহসীন আলী তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫০ ঘ.
bdnews24