চট্টগ্রাম, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাফিক পুলিশের নজরদারির পরও চট্টগ্রাম মহানগরীতে সিএনজি অটোরিকশা চালকরা মিটারে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করছে না। অনেক চালক মিটার নষ্ট থাকার অজুহাত দেখিয়ে বেশি ভাড়া নিচ্ছে।
এদিকে পুলিশ বলছে, ১ জানুয়ারি থেকে কোনও অটোরিক্সা চালক নির্ধারিত ভাড়ায় গাড়ি না চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ট্রাফিক বিভাগ গত ১৬ ডিসেম্বর থেকে সিএনজি অটো রিকশায় মিটারে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন বাধ্যতামূলক করে। যেসব অটোরিক্সায় মিটার নষ্ট বা সংযোজন করা হয়নি, সেগুলোতে সংযোজন বা মেরামতের জন্য ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
সিএমপির ট্রাফিক বিভাগের ভাষ্য হচ্ছে: সীমিত জনবল, যাত্রীদের অসহযোগিতা ও অধিকাংশ অটোরিকশার মিটার নষ্ট থাকায় তাদের পক্ষে অনিয়ম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে চালকদের দাবি, মিটারে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করলে মালিককে দেওয়া জমার টাকা ওঠে না।
সিএমপির উপ পুলিশ কমিশনার (যানবাহন) মোহাম্মদ আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিটার মেরামত ও লাগানোর পর নির্ধারিত ভাড়ায় গাড়ি না চালালে ১ জানুয়ারি থেকে চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে চালকদের কথা বিবেচনা করে নির্দিষ্ট দূরত্বে ভাড়া ও মালিকের দৈনিক জমার হার নতুন করে নির্ধারণ করা হয়েছে।"
নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে নজরদারি ও যাত্রীদের অভিযোগের ভিত্তিতে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মোহাম্মদ আলী মিয়া জানান, মিটারে নির্ধারিত ভাড়ায় গাড়ি না চালালে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী চালককে আড়াইশ টাকা জরিমানা করার পাশাপশি তার ড্রাইভিং লাইসেন্স ও মালিকের রুট পারমিট বাতিল করা হবে।
ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা জানান, নগরীতে প্রতিদিন গড়ে ২৫টির মতো অটোরিকশার বিরুদ্ধে অভিযোগ জমা পড়লেও ব্যবস্থা নেওয়া হচ্ছে ১০ থেকে ১৫টির বিরুদ্ধে।
মিটারে ভাড়া না নেওয়া প্রসঙ্গে পাহাড়তলী এলাকার অটোরিকশা চালক মোহাম্মদ শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে করে মালিকের দৈনিক জমা ও গ্যাস খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত থাকে না।
নগরীর ইপিজেড এর একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী নুপুর ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিনই মিটারে যাওয়া নিয়ে চালকদের সঙ্গে তার বচসা হয়। তিনি বলেন, আগে যেখানে আন্দরকিল্লা থেকে ৫০ টাকায় যাওয়া যেত ১৬ ডিসেম্বরের পর থেকে সেখানে ভাড়া চাওয়া হচ্ছে ৮০ টাকা।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, "বেশিরভাগ গাড়িতে মিটার নষ্ট থাকায় চালক ও মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এখনো সামগ্রিকভাবে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। মিটার লাগানো ও ঠিক করতে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তবে মিটার ঠিক থাকার পরও যারা নিয়ম অনুযায়ী যাত্রী পরিবহন করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
সিএমপি (ট্রাফিক) নিয়ন্ত্রণ কক্ষের ওয়্যারলেস অপারেটর রাজেশ ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পর্যন্ত দেড় হাজারের ওপরে অভিযোগ জমা পড়েছে এবং প্রায় চারশ সিএনজি অটোরিকশা চালককে জরিমানা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/এসকে/১৬৪৪ঘ.
bdnews24