ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার ২৫ ডিসেম্বর। ২০০৩ সালের এই দিনে আফ্রিকার বেনিনে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কর্মরত ১৫ বাংলাদেশি সৈনিক দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনায় মারা যান। (সংশোধিত ও সংযোজিত)
মঙ্গলবার এই ১৫ সেনার স্মরণে আয়োজিত এক সভায় বক্তারা তাদের ত্যাগকে 'শান্তির জন্য মহান আত্মত্যাগ' বলে উল্লেখ করেছেন।
জাতীয় প্রেসক্লাবে 'হৃদম কালচারাল সোসাইটি' আয়োজিত ওই স্মরণ সভায় পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী বলেন, "জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত অবস্থায় ওই বীর সেনাদের আত্মত্যাগ শান্তি রক্ষায় আমাদের দৃঢ় প্রত্যয়ের কথা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। তাদের আত্মত্যাগ বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরো বাড়িয়েছে।"
তিনি বলেন, "জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বিশ্বের কোথাও শান্তিসেনা মোতায়েনের প্রয়োজনীয়তা দেখা দিলে সবার আগে বাংলাদেশের কথা বিবেচনা করা হয়। বাংলাদেশের শান্তি সেনাদের সুনামের কারণেই এখনো বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ শান্তিসেনা প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বসমাজে মর্যাদার আসনে অধিষ্ঠিত।"
গণফোরামের সভাপতি আইনজীবী ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজন সেনাসদস্য। অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক সচিব মারগুব মোর্শেদ, গ্র"প ক্যাপ্টেন আবদুল কুদ্দুস, মাসুদ এ খান প্রমুখ বক্তব্য রাখেন।
জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কর্মরত অবস্থায় লেফটেন্যান্ট কর্নেল আরেফীন, মেজর রওনক, মেজর রহিম, মেজর মোস্তাফিজ, মেজর মোশারফ, মেজর ইমতিয়াজ, মেজর বাতেন, ক্যাপ্টেন মাবুদ, ক্যাপ্টেন রাকিব, ক্যাপ্টেন আরিফ, ক্যাপ্টেন রফিক, ক্যাপ্টেন ফরিদ, ক্যাপ্টেন জাহিদ, ক্যাপ্টেন আলাউদ্দিন এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার শফিক ওই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ যাবত ৬২ হাজারেরও অধিক বাংলাদেশি জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। বর্তমানে ৯ হাজার ৮৩১ জন শান্তিরক্ষী জাতিসংঘের ১৩টি মিশনে কর্মরত আছেন। শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ এখন 'অর্গানাইজেশন কমিটি অব দি পিসবিল্ডিং কমিশন' এরও সক্রিয় সদস্য।
তিনি জানান, শান্তিরক্ষা কার্যক্রমে এ পর্যন্ত ৭৯ বীর সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসএম/এসকে/এমএআর/এমএইচবি/২১৩০ ঘ.
bdnews24