ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসার নৈশ প্রহরীর বাসা থেকে শনিবার বিভিন্ন ত্রাণ সামগ্রী জব্দ করেছে নৌ বাহিনীর সদস্যরা। এ সময় নাইম নামে এক যুবককে আটক করা হয়।
বরগুনার সহকারী কমিশনার (ভূমি) রবিউজ্জামান জানান, সকাল ১০টার দিকে তাকে সঙ্গে নিয়ে নৌবাহিনীর সদস্যরা সরকারি কোয়ার্টারে নৈশ প্রহরী র্আদুর রবের বাসায় অভিযান চালায়। সেখানে তারা ত্রাণের শাড়ি, লুঙ্গি, গুড়ো দুধ, চাল, ডালসহ বিভিন্ন উপকরণ জব্দ করে। জব্দ করা ত্রাণের পরিমাণ ৫০ হাজার টাকার বেশি বলে জানান তিনি।
তিনি আরো জানান, বাসায় থাকা নাইমকে আটক করে নৌ বাহিনীর সদস্যরা। নাইম নৈশ প্রহরীর প্রতিবেশী ও তার ছেলেদের বন্ধু। তবে আব্দুর রব ও তার দুই ছেলে পলাতক।
নাইম জানায়, মালামাল নামানো ও ত্রাণ কাজে সাহায্য করায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও ব্যক্তিরা ওই মালামাল তাদের দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/
bdnews24