ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিশেষ কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার দুপুরে তার দুই পুত্রবধূ ও তিন নাতনি দেখা করেছেন। সেখানে তারা দুই ঘণ্টার মতো সময় কাটান।
ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসা থেকে গত ৩ সেপ্টেম্বর ছোট ছেলে আরাফাত রহমানসহ খালেদা জিয়াকে আটক করে যৌথবাহিনী। এরপর থেকে তিনি জাতীয় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে অন্তরীণ আছেন।
খালেদা জিয়ার সঙ্গে দুপরে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শরমিলা রহমান ও তার দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া দেখা করেন। তারা বাসা থেকে রান্না করা খাবার সাবেক প্রধানমন্ত্রীকে খেতে দেন।
বেলা ১২টা ১০মিনিটে কোকোর স্ত্রী তার দুই মেয়েকে নিয়ে বিশেষ কারাগারে ঢোকেন। আধঘণ্টা পর সেখানে যান তারেক রহমানের স্ত্রী ও কন্যা। দুপুর ২টা ৫০মিনিটের দিকে তারা বের হয়ে আসেন। তবে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে তারা কোনো কথা বলেননি।
খালেদার আয়কর আইনজীবী অ্যাডভোকেট আহম্মেদ আজম খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য পরিবারের সদস্যরা বিশেষ কারাগরে গিয়েছিলেন। এ সময় খালেদা জিয়াকে বাসায় প্রস্তুত খাবার দেওয়া হয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১১টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতাকর্মী ও কয়েকজন সাবেক মহিলা সাংসদ বিশেষ কারাগারের কাটাতারের ব্যারিকেডের কাছে জড়ো হন। তারা ফুলের স্তবকসহ কিছু উপহার সামগ্রী খালেদা জিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করেন।
গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, "আমি কারাগারে আটক দেশের দুই শীর্ষ নেত্রীর মুক্তির দাবি করছি। আমি মনে করি এই মুক্তির মাধ্যমে দেশের উন্নয়নের ধারা সচল হবে।"
এছাড়া খালেদা জিয়া মুক্তি পরিষদের আহবায়ক অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান কয়েকজন নেতা-কর্মী নিয়ে বিশেষ কারাগারের বেষ্টনির কাছে যান। তারা খালেদা জিয়ার মুক্তি চেয়ে ঈদের দিনে নেত্রী কারাগারে থাকায় দুঃখ ভারাক্রান্ত মনে কিছুক্ষন দাঁড়িয়ে থাকেন।
এদিকে, শুক্রবার সকাল ১০টায় ডা. জোবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগারে তারেক রহমানের সঙ্গেও দেখা করেছেন। ডা. জোবাইদা স্বামী তারেকের জন্য বাসায় তৈরি কিছু খাবার নিয়ে যান।
এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আরাফাত রহমানের সঙ্গে সকাল সাড়ে ১০টার দিকে তার স্ত্রী শরমিলা রহমান ও তার দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া দেখা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসএনডি/১৫৫০ ঘ.
bdnews24