চাঁদপুর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলায় আটক সন্দেহভাজন ২৪ জঙ্গির চার জনকে চার দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার চার জঙ্গিকে চাঁদপুর বিচার বিভাগীয় হাকিম রেজাউল করিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডের আবেদন জানান কচুয়া থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল আলম। বিচারক তখন চার দিন রিমান্ডের নির্দেশ দেন।
যাদের রিমান্ডে পাঠানো হয়েছে; তারা হলো খুলনার রূপসা উপজেলার সিরাজুল ইসলাম মিন্টু(২৪), মুন্সিগঞ্জের লৌগজং উপজেলার সাজ্জাদ হোসেন সোহেল(২৫) ও টঙ্গীবাড়ি উপজেলার শাহীন (২৬) এবং বরিশালের গৌরনদী উপজেলার মো. ইসমাইল (২৮)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটক ২৪ জন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ ডিসেম্বর আদালতে হাজির করা হয়। ওই সময় চার জনকে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। বিচারক আজ (বুধবার) রিমান্ড শুনানির দিন ধার্য করেন। আদালত আজ চার জনকে চার দিন রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছে।"
চার জনকে ২৩ ডিসেম্বর রিমান্ডে নেয়া হবে বলে ওসি জানান।
কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে গত ১৪ ডিসেম্বর অভিযান চালিয়ে সন্দেহভাজন ২৪ জঙ্গিকে আটক করে পুলিশ। এরা সবাই হিজবুত তাওহীদের সদস্য বলে পুলিশকে জানিয়েছে। তাদের কাছে বেশ কিছু জিহাদি বই, ক্যাসেট ও সিডি পাওয়া যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১১ ঘ.
bdnews24