ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের কারাবন্দী স্ত্রী সাবেরা আমানের কাছে একটি মোবাইলফোন সেট পাওয়া গেছে।
সাবেরা আমান বর্তমানে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন।
কারা উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কারারক্ষীরা প্রিজন সেলের কক্ষে তল্লাশি চালিয়ে কারাদণ্ডপ্রাপ্ত সাবেরা আমানের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে। ওই কক্ষে সাবেরা আমানের সঙ্গে কারাদণ্ডপ্রাপ্ত ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী ব্যারিস্টার সিগমা হুদা এবং আলী আসগর লবীর স্ত্রী খুশনুদ লবীও থাকেন।
মেজর সিদ্দিকী বলেন, "মোবাইল সেটের সঙ্গে সিম না থাকার মধ্যে রহস্য আছে। ধারণা করা হচ্ছে, তাদের তিনজনের কাছে তিনটি সিমকার্ড আছে এবং প্রয়োজনের সময় তারা সিমকার্ড বদল করে মোবাইল ফোনটি ব্যবহার করতেন। রহস্য উদঘাটনের জন্য তদন্ত করে দেখা হচ্ছে।"
এর আগে গত বুধবার একই হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন আওয়ামী লীগের সিনিয়র নেতা মহিউদ্দীন খান আলমগীরের কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায় । হজ পালনরত স্ত্রীর সঙ্গে যোগাযোগের জন্য মোবাইলটি ব্যবহার করেছেন বলে স্বীকার করেন আলমগীর।
স্বামীকে দুর্নীতিতে সহায়তা করার অপরাধে গত ২১ জুন সাবেরা আমানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২৭ আগস্ট প্রায় আড়াইকোটি টাকা ঘুষ নেওয়ার অপরাধে নাজমুল হুদার সহযোগী হিসেবে স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। অন্যদিকে স্বামীকে সহযোগিতা করার অপরাধে গত ৭ অক্টোবর খুশনূদ লবীর তিন বছরের কারাদণ্ড হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/পিসি/এসকে/২২৩৯ঘ.
bdnews24