২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগস ভবন থেকে আরও পাঁচটি লাশ উদ্ধার

র‌্যাংগস ভবনের ছাদ ধসে পড়ার নয়দিন পর সোমবার রাতে ধ্বংসস্তুূপ থেকে আরও পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন ফরিদ মিয়া (২৬), মো. জিরু মোল্লা (২৫), কাইজার মোল্লা (২৬), মান্নান সিকদার (৩৫) ও মো. দাউদ মুন্সি (২৫)। এদের সবার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়। এ নিয়ে ওই ভবন থেকে মোট ১০ জনের লাশ উদ্ধার করা হল। গত ৮ ডিসেম্বর দুর্ঘটনার রাতে বেঁচে যাওয়া শ্রমিকরা জানিয়েছেন, আব্দুর রহিম নামে তাদের একসঙ্গী এখনও নিখোঁজ রয়েছেন। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 04:22 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র‌্যাংগস ভবনের ছাদ ধসে পড়ার নয়দিন পর সোমবার রাতে ধ্বংসস্তুূপ থেকে আরও পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন ফরিদ মিয়া (২৬), মো. জিরু মোল্লা (২৫), কাইজার মোল্লা (২৬), মান্নান সিকদার (৩৫) ও মো. দাউদ মুন্সি (২৫)। এদের সবার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়। এ নিয়ে ওই ভবন থেকে মোট ১০ জনের লাশ উদ্ধার করা হল। গত ৮ ডিসেম্বর দুর্ঘটনার রাতে বেঁচে যাওয়া শ্রমিকরা জানিয়েছেন, আব্দুর রহিম নামে তাদের একসঙ্গী এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে দুর্ঘটনার কারণ হিসেবে ভবনটির নির্মাণকালীন ত্র"টিকে দায়ী করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো বিবরণীতে এ কথা বলা হয়। (আরও তথ্যসহ-২) রাজউকের ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজউকের শ্রমিকরা ধ্বংসস্তূপ পরিস্কার করার সময় একটি দেয়ালের নিচে চাপা পড়া অবস্থায় লাশ দেখে দমকল বাহিনীকে খবর দেয়। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে দেয়ালের রড কেটে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। রাত সাড়ে ৯টা এবং সোয়া ১০টার দিকে আরও দুটি লাশ পাওয়া যায়। রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার হয় আরেকটি লাশ। ফরিদ মিয়া ঘোপঘাট গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে, জিরু মোল্লা আতাপুর গ্রামের আমিন মোল্লার ছেলে, কাইজার মোল্লাা উজানদিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে, মান্নান সিকদার মচমন্দপুর গ্রামের গোপাল সিকদারের ছেলে এবং মো. দাউদ মুন্সি স্বরূপপুরের শুকুর আলী মুন্সির ছেলে। মর্গে ফরিদের লাশ চাচাতো ভাই ইলিয়াছ, জিরুর লাশ বড় ভাই এরশাদ, কাইজার মোল্লাার লাশ তার ভাই কবির মোল্লা, মান্নান সিকদারের লাশ ভাই ফিরোজ সিকদার এবং মো. দাউদ মুন্সির লাশ তার বড়ভাই ওয়াহাব মুন্সি সনাক্ত করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ইলিয়াছ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফরিদ দুই ভাই ও দুই বোনের মধ্যে ছোট। লাশ পচে বিকৃত হয়ে গেলেও পোশাক দেখে সনাক্ত করা হয়। জিরু মোল্লার বড় ভাই এরশাদ জানান, জিরু দুই ভাই ও এক বোনের মধ্যে মেজো। সে র‌্যাংগস ভবনে প্রায় আড়াই মাস ধরে কাজ করছিল। গত বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে দমকল কর্মীরা চারটি লাশ উদ্ধার করে। এর দুইদিন পর শনিবার পাওয়া যায় একজনের লাশ। রাজউক র‌্যাংগস ভবন দুর্ঘটনার জন্য ভবনটির নির্মাণকালীন ত্র"টিকে দায়ী করলেও দুর্ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করে দমকল বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেছিলেন, সবচে ওপরের তলায় ভবনের ভাঙা 'রাবিশ' জমা করে রাখায় এর চাপেই ছাদ ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার তথ্য বিবরণীতে বলা হয়, কোন কোন বিশেষজ্ঞ ডেব্রিস (ভবনটি ভেঙে জমিয়ে রাখা স্তূপ) জমা থাকার কারণে অতিরিক্ত ওজনে এ দুর্ঘটনা ঘটে বলে মন্তব্য করেছেন। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে, যেখানে ডেব্রিস জমা ছিল এবং যেখানে গর্ত ছিল সেখানের ছাদ ধসে পড়েনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কলাম এবং স্লাব-এর সংযোগ স্থলের রিইনফোর্সমেন্ট এবং স্লাব এর বোটম রিইনফোর্সমেন্ট কভার পর্যাপ্ত ছিল না। এ ছাড়াও কলাম-প্লেট জয়েন্টে যে ধরনের রিইনফোর্সমেন্ট থাকার কথা তাও পর্যাপ্ত বলে মনে হয় না। ভবনটি ফ্লাট প্লেট সহযোগে স্ট্রাকচারে এ নির্মিত বলে বিবরণীতে জানানো হয়। তবে দুর্ঘটনার দিন ৮ ডিসেম্বর ভবনটির বিভিন্ন তলা পরিদর্শন করে দমকল বাহিনী সদর দপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার রফিকুর রহমান সাংবাদিকদের বলেন, "ভবনটি ভাঙ্গার কাজ চলছিল। কিন্তু ভাঙা রাবিশ (আবর্জনা) পরিস্কার না করে সবচেয়ে উপরের তলায় (১৮তলা) রেখে দেওয়া হয়েছিল। বিপুল পরিমাণ এই রাবিশের ভারেই ছাদ ভেঙ্গে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।" উদ্ধারকাজে অংশ নেওয়া দমকল বাহিনী সদর দপ্তরের উপ-পরিচালক সেলিম নেওয়াজ ভূঁইয়াও ওইদিন বলেছিলেন, "সবচে ওপরের তলায় ভবনের ভাঙা 'রাবিশ' জমা করে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এর চাপেই ছাদ ভেঙে পড়েছে।" সোমবার উদ্ধার পাওয়া কাইজার মোল্লার ভাই কবির মোল্লা জানান, কাইজার চারভাই ও এক বোনের মধ্যে সবার রড়। মান্নান সিকদারের ভাই ফিরোজ সিকদার বলেন, মান্নান তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। দাউদ মুন্সির ভাই ওয়াহাব মুন্সি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দাউদ তিন ভাই দুই বোনের মধ্যে তৃতীয়। ওয়াহাব বলেন, তিনি নিজেও ওখানে কাজ করতেন। ফরিদপুরের মধুখালী থেকে যে ৩০ জনের মতো তারা ভবনটিতে কাজ করতে এসেছিলেন তার মধ্যে ১০ জন নিখোঁজ হন। এর মধ্যে ৯ জনের লাশ উদ্ধার হল। তিনি বলেন, "এখনও একজন নিখোঁজ আছেন। তার নাম আব্দুর রহিম। তাকে পাওয়া গেলে সবার লাশ নিয়ে বাড়ি ফিরব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/ডিডি/এমএইচবি/০১১৫ ঘ.