ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধে বাঙালির গৌরবময় বিজয়ের ৩৬তম বার্ষিকী রোববার।
দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ আর বিপুল আত্মত্যাগের পর ১৯৭১ সালের এই দিনে বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি। পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরুর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমগ্র জাতি দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। অবশেষে বাংলার মুক্তিসেনারা ছিনিয়ে আনে স্বাধীন পতাকা আর মুক্ত স্বদেশ।
মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনতাকামী বাঙালি অসমসাহসী প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে। সাধারণ মানুষ, সৈনিক ,পুলিশ আর আধা সামরিক বাহিনীর সমন্বয়ে গড়া মুক্তিযুদ্ধের সৈনিকরা জলে-স্থলে হামলা চালিয়ে ব্যতিব্যস্ত করে তুলেছিল দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনীর দাবিদার পাকিস্তানী বাহিনীকে।
বাঙালির মুক্তিযুদ্ধের শুরু থেকেই প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহসহ নানাভাবে সহায়তা করে আসা ভারত ডিসেম্বরের শুরুতে প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করলে বিজয় ত্বরান্বিত হয়। পাকিস্তানের হতোদ্যম সেনাবাহিনী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী ও ভারতীয় পূর্বাঞ্চল কমান্ডের জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বাধীন মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের বুকে জন্ম নেয় এক নুতন রাষ্ট্র বাংলাদেশ।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ, বঙ্গভবনে সংবর্ধনাসহ রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা ছাড়াও বিভিন্ন সংগঠনের আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ।
রোববার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ২১বার তোপধ্বনির মাঝ দিয়ে শুরু হবে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান। প্রথমে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও পরে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আলাদাভাবে দেশবাসী ও বিদেশে বসবাসরত বাংলাদেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে স
bdnews24