ঢাকা,ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর দক্ষিণ বেগুনবাড়ি বস্তিতে শনিবার সন্ধ্যায় এক অগ্নিকান্ডে প্রায় দু'শর বেশি ঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দু'শ পরিবার গৃহহীন হয়ে পড়েছে। তবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
বিকেল সোয়া ৫টার দিকে বস্তিতে আগুন লাগে এবং প্রায় দু'ঘন্টা পর তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিদ্যুৎ না থাকার কারণে বস্তির প্রায় সবাই মোমবাতি ব্যবহার করছিলেন। এ কারণে মোমবাতি অথবা চুলা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে বস্তিবাসীরা ধারণা করছেন।
দক্ষিণ বেগুনবাড়ি ঝিলের ওপর বাঁশের খুঁটির ওপর গড়ে ওঠা এই বস্তির ঘরগুলো টিন, বেড়া ও বাঁশের তৈরি। এই বস্তিতে মোট ৫টি 'বাড়ি' ছিল। প্রত্যেকটি বাড়িতে ছিল প্রায় ৪০টি করে ঘর ।
আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তিবাসী দিগবিদিক ছোটাছুটি শুরু করে এবং বিভিন্নভাবে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু মৃদু বাতাস থাকায় আগুনের শিখা একের পর এক ঘরে ছড়িয়ে পড়তে থাকে। এ অবস্থায় অধিকাংশই জীবন বাঁচানোর জন্য জিনিষপত্র ঘরে রেখেই বাইরে বেরিয়ে আসে।
মোহাম্মদ উল্লাহ ভূইয়া একটি বাড়ির মালিক। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম জানান,বস্তিতে প্রায় দু'শ ঘর রয়েছে। ৮০০ থেকে ১০০০ হাজার টাকা ভাড়ার ঘরগুলোতে সাধারণত দিন মজুররাই থাকে।
দমকল বাহিনীর সৈয়দ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনে। মৃত্যু বা নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। আর আগুন লাগার কারণও জানা যায়নি।
তিনি জানান, কতর্ব্যপালনকালে উপ পরিচালক মিজানুর রহমান বাশেঁর সাকো ভেঙে ঝিলে পড়ে আহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এসকে/২০৪৮ঘ.
bdnews24