২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্তর জামিন দেওয়ার ক্ষমতা হাইকোর্টের রয়েছে'

দুর্নীতির অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জামিন দেওয়ার ক্ষমতা হাইকোর্টের রয়েছে। নিম্ন আদালতের রায়ে দুটি দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত অ্যাডভোকেট সিগমা হুদা ও ব্যারিস্টার মীর হেলালকে জামিন দেওয়ার মধ্য দিয়ে হাইকোর্ট বৃহস্পতিবার এই রায় দিয়েছে। জরুরি ক্ষমতা বিধিমালায় বলা হয়েছে দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল করলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত তাকে জামিন দিতে বা নিম্ন আদালতের রায় স্থগিত করতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 03:21 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জামিন দেওয়ার ক্ষমতা হাইকোর্টের রয়েছে। নিম্ন আদালতের রায়ে দুটি দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত অ্যাডভোকেট সিগমা হুদা ও ব্যারিস্টার মীর হেলালকে জামিন দেওয়ার মধ্য দিয়ে হাইকোর্ট বৃহস্পতিবার এই রায় দিয়েছে। জরুরি ক্ষমতা বিধিমালায় বলা হয়েছে দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল করলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত তাকে জামিন দিতে বা নিম্ন আদালতের রায় স্থগিত করতে পারবে না। এর বিপরীতে সিগমা হুদা ও মীর হেলালকে জামিন দেওয়ার মধ্য দিয়ে হাইকোর্ট জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জামিন দেওয়ার ক্ষমতা এই আদালতের রয়েছে। সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসিরের ছেলে মীর হেলালের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়। বিচারকরা ওই দুইজনকে ৬ সপ্তাহের শর্তসাপেক্ষ জামিন দিয়েছে। রায়ের শর্ত অনুযায়ী, জামিন নামা দাখিলের সময় ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে সিগমা হুদা ও মীর হেলালের পাসপোর্ট জমা দিতে হবে। এই সময়ের মধ্যে তারা দেশ ত্যাগ করতে পারবেন না। আদালতের এই আদেশ তারা পালন করেছেন কি না তা হাইকোর্টে হলফনামা আকারে জমা দিতে হবে। জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩) বিধিতে বলা হয়েছে, 'দুর্নীতি সম্পর্কিত অপরাধের অভিযোগে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো দণ্ডাদেশ দেওয়া হলে এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এই রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল চলাকালীন আদালত ওই ব্যক্তিকে জামিন দিতে বা নিম্ন আদালতের রায় ও আদেশের কার্যকারিতা স্থগিত করতে পারবে না।' বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে বলা হয়, 'হাইকোর্ট একটি সাংবিধানিক আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জামিন আবেদন মঞ্জুর করার ক্ষমতা এই আদালতের রয়েছে।' গত ২৬ আগস্ট একটি দুর্নীতি মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে ৭ বছর ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদাকে ৩ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ আদালত। গত ২২ মার্চ দুর্নীতি দমন কমিশন নাজমুল হুদা ও সিগমা হুদার বিরুদ্ধে ধানমন্ডি থানায় এ মামলাটি দায়ের করে। এতে ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে ঠিকাদার মীর জাহিদের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করা হয়। ওই টাকা সিগমা হুদার ব্যাংক হিসাবে জমা হয়। গত ৫ জুলাই একটি মামলার শুনানিতে অংশ নেওয়ার জন্য আদালতে আসার পর সিগমা হুদাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা কর্তৃপক্ষের হেফাজতে চিকিৎসাধীন। অন্যদিকে গত ২৭ আগস্ট ঢাকার বিশেষ আদালত সম্পত্তির হিসাব সংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসিরকে ১৩ বছর ও তার ছেলে মীর হেলালকে ৩ বছর কারাদণ্ড দেয়। বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা, সিগমা হুদা, মীর নাসির ও মীর হেলাল হাইকোর্টে আবেদন করেন। ওই আপিলের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার হাইকোর্ট এই রায় দিল। সিগমা হুদার পক্ষে শুনানিতে অংশ নেন আজমালুল হোসেন কিউসি। মীর হেলালের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২০৪৮ ঘ.