২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে চিকিৎসক-কর্মচারীদের বিরুদ্ধে কারাগার কর্তৃপক্ষের পাল্টা মামলা

যশোর জেনারেল হাসপাতালে গত ৮ ডিসেম্বরের অপ্রীতিকর ঘটনায় চিকিৎসক-কর্মচারীদের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 10:53 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

যশোর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোর জেনারেল হাসপাতালে গত ৮ ডিসেম্বরের অপ্রীতিকর ঘটনায় চিকিৎসক-কর্মচারীদের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে জেলর কামরুল ইসলাম যশোরের মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর আগে গত বুধবার হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা নূর ইসলাম জেলা কেন্দ্রীয় কারাগারের জেলারসহ শতাধিক কারারক্ষী ও কারা কর্মচারীকে আসামি করে একটি মামলা করেন। জেলর কামরুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যশোর জেনারেল হাসপাতালের তিন চিকিৎসকসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। আসামিরা হচ্ছেন, সহকারী রেজিস্ট্রার মো. শওকত আলী ও ইকবাল হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার সরকার, হাসপাতাল কর্মচারী সুলতান আহমেদ, খাইরুল ইসলাম ও ইব্রাহিম খলিল। তাদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে বাধা দেওয়া, মারপিট, ভাংচুর, চিকিৎসারত বন্দিকে দেখতে না দেওয়া এবং ৩০ বছরের সাজা পাওয়া বন্দিকে ডাণ্ডাবেড়ী পরাতে না দেওয়ার অভিযোগ আনা হয়েছে।" গত ৮ ডিসেম্বর রাতে জেলর কামরুল ইসলাম জেনারেল হাসপাতালে ঢোকার সময় কর্মচারীরা বাধা দেওয়ার পর কারারক্ষীদের হামলায় তিনজন চিকিৎসকসহ ১৫/১৬ জন আহত হয়। এ ঘটনার বিচারের দাবিতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা কর্মবিরতির ঘোষণা দেয়। এদিকে, এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আলমগীর হোসেনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার হাসপাতালে সংশ্লিষ্টদের বক্তব্য নিয়েছে। এর আগে কমিটি কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬৪৩ ঘ.