ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--র্যাংগস ভবন ধসে নিহতদের প্রত্যেকের জন্য ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। এর ওপর শুনানি শেষ হয়েছে। বৃহষ্পতিবার রিটটির ওপর আদেশ দেবে হাইকোর্ট।
বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল আউয়ালের হাইকোর্ট বেঞ্চে জনস্বার্থ এ রিটটি দায়ের করেছেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
রিটে ২৪ ঘন্টার মধ্যে র্যাংগস ভবন দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধারের জন্য সরকার ও রাজউকের প্রতি নির্দেশ চাওয়া হয়। এছাড়া এ ঘটনা তদন্তে 'রাজউকের লোক বাদ দিয়ে' কমিটি গঠন করে দুর্ঘটনার কারণ চিহ্নিত ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।
রিট আবেদনে বলা হয়েছে, নিহতদের লাশ উদ্ধারে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। শুনানিতে অংশ নিয়ে রিটকারী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, আধুনিক যন্ত্রপাতি ছাড়াই ভবনটি ভাঙার কাজ চলছিল।
তিনি শুনানিতে আরও বলেন, "নিহতদের লাশ উদ্ধার করতে সরকার ও রাজউক বাধ্য। তাদের লাশ দাফন করতে তারা বাধ্য। নিহতদের লাশ ধংসস্তুপে ঝুলে থাকার বিষয়টি অস্বাভাবিক। তাই সরকার ও রাজউক তাদের অবহেলার দায় এড়াতে পারে না।"
ভবন ভাঙার কাজ 'ঝুঁকিপূর্ণভাবে চলছে' মন্তব্য করে অ্যাডভোকেট মনজিল মোরসেদ আধুনিক যন্ত্রপাতি দিয়ে কাজ করার জন্য সরকার ও রাজউকের প্রতি নির্দেশ দেওয়ার আবেদন জানান।
গণপূর্ত সচিব, পুলিশ মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার, রাজউকের চেয়ারম্যান, সচিব, প্রধান প্রকৌশলী ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে এ রিটটি দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২১৪০ঘ.
bdnews24