২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরের পরে জীবনশুধু রক্ষা নয়, ঝড়ের পর দুর্গত অঞ্চলে আহারও যুগিয়েছে বৃক্ষ

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর আঘাত আনার পর একাটানা তিন দিন শুধুমাত্র নারিকেল ও খেজুর গাছের মাথি (গাছের কাণ্ডের মাথায় এক ধরনের সাদা রংয়ের শাঁস) এবং কলার 'থোড়' খেয়ে দিন কাটিয়েছিলেন বরগুনার তিন গ্রামের বাসিন্দারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের আবু নোমান সজীব গত ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বরগুনা ও পটুয়াখালী জেলার দুর্গত অঞ্চল ঘুরে দেখার সময় এ তিনটি গ্রামের সন্ধান পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 09:10 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক দুর্গত অঞ্চল থেকে ফিরে ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর আঘাত আনার পর একাটানা তিন দিন শুধুমাত্র নারিকেল ও খেজুর গাছের মাথি (গাছের কাণ্ডের মাথায় এক ধরনের সাদা রংয়ের শাঁস) এবং কলার 'থোড়' খেয়ে দিন কাটিয়েছিলেন বরগুনার তিন গ্রামের বাসিন্দারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের আবু নোমান সজীব গত ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বরগুনা ও পটুয়াখালী জেলার দুর্গত অঞ্চল ঘুরে দেখার সময় এ তিনটি গ্রামের সন্ধান পান। বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর মোহনায় বেড়িবাঁধকে কেন্দ্র করে গড়ে উঠা এ তিনটি গ্রাম হলো ছোনবুনিয়া, উত্তর পাতাকাটা এবং দক্ষিণ পাতাকাটা। তীব্র খাদ্য সঙ্কটের সময় জীবন বাঁচানোর কারণে উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা খেজুর ও নারিকেল গাছের মাথিকে মরুভূমির মতো তাদের 'উপকূলের খেজুর' বলে আখ্যায়িত করেছেন। বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের জেলে বেল্লাল হোসেন ঝড়ে তিন বছরের মেয়ে তামান্নাকে হারিয়েছেন। তার একমাত্র টিনের দোচালা ঘরটিও গেছে উড়ে। বেল্লাল বলেন, "ঝড়ের পর প্রথম তিনডা দিন মোরা হুধু নারকেল আর খাজুর গাছের মাথি খাইয়া দিন কাডাইছি। আর বেশি ভুখ লাগলে কলার থোড় কাইটা সিদ্ধ কইরা লবণ ছিডাইয়া খাইছি। পরে আস্তে আস্তে খবর পাইয়া শহরের থিইকা বোটে চইড়া লোক আইসা কিছু রিলিফ দিয়া যায়।" বেল্লাল জানান, এখন পুরো গ্রামে খেজুর ও নারিকেল গাছের মাথি খুঁজে পাওয়াই মুশকিল। কারণ ঝড় ও জলোচ্ছ্বাসে গ্রামের অধিকাংশ গাছই উপড়ে পড়ে। আর নারী-পুরুষ-শিশু সবাই ঝাঁপিয়ে পড়েন ভেঙ্গে পড়া নারিকেল ও খেজুর গাছের ওপর। দা-শাবল নিয়ে যে যার মতো এসব গাছের কাণ্ড কেটে মাথি বের করে পেটের ক্ষুধা নিবারণ করেন। আমার অনুরোধে বেল্লালসহ গ্রামের পাঁচজন মানুষ এক ঘণ্টা সন্ধান চালিয়ে বেড়িবাঁধের নিচে বড় একটি গাছের নিচে চাপা পড়ে থাকা একটি ছোট্ট খেজুর গাছ খুঁজে বের করেন। পরে বেল্লাল দা দিয়ে ওই গাছের কাণ্ড কেটে মাথি বের করে আমাকে খেতে দেন। ওই সময় মাথি খাওয়ার আশায় শিশুসহ কমপক্ষে ২০ জন মানুষ ভিড় জমায় সেখানে। আর তাদের খেতে দিলে পুরো গাছের মাথি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। দক্ষিণ পাতাকাটা গ্রামের সেলিম মৃধা ঝড়ে তার ছেলে সোহাগকে (১১) হারিয়ে পাগলপ্রায়। তার দোচালা টিনের ঘরটিও মাটিতে পুরোপুরি মিশে গেছে। এছাড়া তার একমাত্র সম্বল মাঠের জমির ধানও গেছে নষ্ট হয়ে। সেলিম মৃধা বলেন, "মোর মাত্র দেড় বিঘা জমি। হেই জমিতে ধান বুনছিলাম। দুই সপ্তাহ পরই ধানগুলান ঘরে উডাইতে পারতাম। হেই ধান দিয়াই পুরা বছর পার করনের কথা। এখন না খাইয়া মরণ ছাড়া আর কোনো উপায় দেখতাছি না। তাই ঠেকায় পইড়া মোরা একবেলা চিড়া আর আরেক বেলা কলার থোড় সিদ্ধ কইরা খাইতাছি। মাঝেমধ্যি দুই-এক কেজি রিলিফের চাল পাইলে একবেলা কপালে ভাত জুডে। আর মোর পুলাপানগুলান পেটের ক্ষিধায় সারাদিন গ্রামে গ্রামে নারকেল আর খাজুর গাছের মাথি খুঁইজা বেড়ায়।" উত্তর পাতাকাটা গ্রামের দুই সন্তানের জননী স্বামী পরিত্যক্তা নাজমা বেগম (২৮) বলেন, "মুই না খাইয়া থাকতে পারলেও পুলা দুইডার কষ্ট তো আর সহন যায় না। তাই মাঝে মধ্যি দুই এক কেজি রিলিফের চাল ভাগ্যে জুডলে হেইডা রাইখা দিয়া পুলা দুইডারে দুই বেলা ভাত রাইন্ধা দিই। আর মুই নিজে কলার থোড় কাইডা সিদ্ধ কইরা লবণ ছিডাইয়া খাই।" শুধু এ তিনটি গ্রামই নয়, সিডরের আঘাতে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় ত্রাণ না পৌঁছানোয় বরগুনা ও পটুয়াখালী জেলার দুর্গত অনেক গ্রামের বাসিন্দারাই প্রথম কয়েকদিন এসব খেয়েই দিন পার করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআই/এমএ/১৫০০ঘ.