২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়রথের পথে পথেযুদ্ধাপরাধীদের বিচারের দায়িত্ব সরকারকেই নিতে হবে: শাহীন সামাদ

স্বাধীনতার ৩৬ বছর পূর্তিতে বাংলাদেশ আবারও স্মরণ করছে সেই গৌরবময় জনযুদ্ধকে। মুক্তিযুদ্ধের অনেক সৈনিক এখনো সক্রিয়, সজাগ। তাদের মধ্যে শীর্ষস্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সাংবাদিকেরা। বাংলাদেশ মুক্তি-সংগ্রামী শিল্পী সংস্থার সদস্য শাহীন সামাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ধারণ করেছেন শায়লা রুখসানা দিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 08:27 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৩৬ বছর পূর্তিতে বাংলাদেশ আবারও স্মরণ করছে সেই গৌরবময় জনযুদ্ধকে। মুক্তিযুদ্ধের অনেক সৈনিক এখনো সক্রিয়, সজাগ। তাদের মধ্যে শীর্ষস্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সাংবাদিকেরা। বাংলাদেশ মুক্তি-সংগ্রামী শিল্পী সংস্থার সদস্য শাহীন সামাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ধারণ করেছেন শায়লা রুখসানা দিনা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: সব রক্তচক্ষু এড়িয়ে সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তরুণী, কিভাবে চলে গেলেন একজন কণ্ঠসৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিতে? শাহীন সামাদ: আমি ছিলাম ছায়ানটে। সেখান থেকে আমরা ঊনসত্তরের গণ আন্দোলনে যুক্ত হয়েছিলাম। ওয়াহিদুল হক, সানজিদা খাতুন, আলতাফ মাহমুদ- যারা আমাদের গুরু বা শিক্ষক ছিলেন তারা আমাদের উদ্বুদ্ধ করতেন; প্রেরণা যোগাতেন দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে। পটুয়া কামরুল হাসানসহ এরকম অনেকের কাছ থেকে আমরা উৎসাহ পেতাম দেশের জন্য কিছু একটা করতে। তারা আমাদের গান শেখাতেন, দেশের গান। আমরা গান গাইতাম বিভিন্ন জায়গায়। কখনো শহীদ মিনারে, কখনো রমনায়, কখনোবা পথে পথে। বলা যায়, এইসব মানুষের অনুপ্ররণায় আমরা নিজেরাই নিজেদেরকে তৈরি করেছিলাম। আমি তখন সবে আইএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমরা ভর্তি হলাম জানুয়ারি মাসে আর পাকিস্তানিরা আমাদের ওপর সরাসরি হামলা চালালো মার্চ মাসে। এরপর এক রাতে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। যদিও এভাবে যাওয়াটা খুব সহজ ছিল না। আমার ১৩ বছর বয়সে বাবা মারা যান। মা-ই আমাদের বড় করেছেন। আমার ছোট-ছোট ভাইবোন ছিল তাদের এবাবে রেখে যাওয়াটা সহজ ছিল না। আবার দেশের এ সময়ে কিছু না করে থাকাটাও সম্ভব ছিল না। তার ওপর আমাদের বাসার সামনেই ছিল পাকিস্তানি আর্মিদের ক্যাম্প। আমার যাওয়ার কয়েকদিন আগেই ছায়ানটের ইকবাল আহমদ নামে একজন রবীন্দ্র সঙ্গীত শিল্পীকে ধরে নিয়ে যায় রাজাকাররা। ফলে মায়ের মনে ভয়টা আরো প্রবল হচ্ছিল। সবাইকে একরকম বিপদে ফেলেই আমি চলে গেলাম বলা যায় । আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ১৬ এপ্রিল। আগরতলা হয়ে কলকাতা পৌঁছলাম ১৮ তারিখে। সেখানে গিয়ে ওয়াহিদুল হক, সানজিদা খাতুন, সারা যাকের, আসাদুজ্জামান নূর- এরকম অনেককে পাই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: সেই সময়কার আপনার সহশিল্পীদের কথা এবং সে দিনগুলোর কথা বলুন। শাহীন সামাদ: আমাদের বাংলাদেশ মুক্তি-সংগ্রামী শিল্পী সংস্থায় ছিলেন- বিপুল ভট্টাচার্য, আব্দুল জব্বার, কল্যাণী ঘোষ, নমিতা ঘোঘ, স্বপন চৌধুরী, তপন চৌধুরী, কাদেরী কিবরিয়া, তিমির নন্দী, মাহমুদুজ্জামান বেনু, তারিক আলি, এনামুল হক, শারমিন, দেবু, গোপাল এবং আরো অনেক শিল্পী। শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে আমরা গান করতাম। শান্তিনিকেতন, বহরমপুর, দিল্লি- বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান করতাম। এসব জায়গাতে গান গেয়ে যে পয়সা পেতাম তা শরণার্থী ক্যাম্পে, মুক্তিযোদ্ধাদের দিয়ে দিতাম। খাবার, ওষুধ, কম্বল, হাড়ি -পাতিল ইত্যাদি কিনে দেয়া হতো এসব টাকা দিয়ে । একটি ট্রাকে করে আমরা ১৫ জন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান করতাম। কোনো রকমে নাওয়া-খাওয়া চলতো। এমনও দিন গেছে সারাদিনে একটা সিঙ্গারা খেয়ে থেকেছি। শুধু পাটশাক রান্না খেয়েও দিন কেটেছে। এ নিয়ে কোনো আফসোস ছিল না। সে এক সময় ছিল। অনেকবার এমনও হয়েছে- মাঝরাতে ঘুম থেকে উঠে আমরা গান গাইতে চলে গেছি। সে ক'মাসে মা, ভাই-বোনদের কারো কোনো খবর জানতাম না। পরে জেনেছি কী ভয়াবহ সময় পার করেছে তারা এখানে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: কোনো শহীদের কথা কী এখনো আপনার মনে পড়ে? শাহীন সামাদ: কত মানুষ শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে! তবে কুমিল্লার চান্দিনা হয়ে গ্র্যান্ড ট্রাংক রোড ধরে আমাদের আগরতলা পৌঁছে দিয়েছিল যে রিকশাওয়ালা তিনি পরে ধরা পড়েন। তাকে মেরে ফেলা হয়। তার কথা আজও মনে পড়ে । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: রাষ্ট্রীয় সম্মাননায় সাধারণ মুক্তিযোদ্ধারা কী অবহেলিত মনে করেন? শাহীন সামাদ: শুধু রাষ্ট্রীয় সম্মাননার ক্ষেত্রেই নয়। সব ক্ষেত্রেই সাধারণ মুক্তিযোদ্ধারা ভীষণভাবে অবহেলিত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: কেন? শাহীন সামাদ: এখন আমরা কী দেখছি? মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান নেই। জীবিকার জন্য আজ তাদেরকে কি-না করতে হচ্ছে। আসলে তাদের কী করে সম্মান করা হবে? সমাজকেই তো কেউ এখন আর সম্মান করে না। দেশের প্রতি কারো মমত্ববোধ নেই। এত কষ্ট করে একটা দেশ পেলাম আমরা। তার মান রাখা যায়নি। এই যে সিডরে এত লোক মারা গেল। সাবেক মন্ত্রীরা সব কী করছেন? দুর্গতদের যে পরিমাণ সাহায্য-সহযোগিতা করা দরকার তা কি করা হচ্ছে? এসব দেখে আমি তো হতাশ। তাছাড়া দেশের প্রতি যেন কারো কোনো দায়িত্ব নেই। দেশ গড়ায় কারো মনোযোগ নেই। আমাদের মত একটা অপরিকল্পিত দেশ এবং রাজধানী কোথাও নেই। কোনো পরিকল্পনা আছে আমাদের? কোন চিন্তা আছে দেশ নিয়ে? তাহলে স্বাধীনতার এত বছর পরও ৬০ থেকে ৮০ শতাংশ মানুষ নিরক্ষর থাকে? বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের ন্যূনতম মূল্যায়ন কিভাবে করা যেতে পারে? শাহীন সামাদ: আমি যেহেতু একজন শিল্পী, তাই আমি শিল্পীদের কথা বলতে পারি। আমাদের গান শুনে তখন অনেক লোক উদ্বুদ্ধ হয়েছেন। অনেকে চলে গিয়েছেন যুদ্ধে। চরমপত্র, জল্লাদের দরবার-এসব তখন ভীষণভাবে প্রেরণা যুগিয়েছে মানুষকে । অথচ সেই শিল্পীরা আজ চরম অবহেলার শিকার। আজ স্বাধীনতার গান মানুষ ভুলতে বসেছে। এসবের কোনরকম প্রচার নেই। আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম। সেখানে সবাই দেশের গান, স্বাধীনতার গান শুনতে চায়। অথচ দেশে এর কোনো কদর নেই। ১৬ ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে বড় বড় কোম্পানিগুলোতো দেশের গান নিয়ে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে সিডি বের করতে পারে। এই যে এত এত পুরস্কার দেয়া হয়। কই রবীন্দ্রনাথ নজরুলের গানে তো কোনো পুরস্কার দেয়া হয় না। মাটির গান, দেশের গান যা আমাদের চিরায়ত সম্পদ তা-ই আজ সবচেয়ে অবহেলিত। এসব গান যারা করেন প্রতি বছর অন্তত তাদের এক জনকে তো অন্তত পুরস্কার দেয়া যেতে পারে । তাছাড়া প্রতিবছর দেশ থেকে রাষ্ট্রীয় সফরে বিভিন্ন দেশে যাওয়া হয়। এ ধরনের সফরগুলোতে দেশের শিল্পীদেরকে নিয়ে যাওয়া যেতে পারে। আর অনেকে তো এখন আর নেইও আমাদের মাঝে। তাদের অনেকেই মারা গেছেন বিনা চিকিৎসায়। অবহেলা আর দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে শেষে ক্লান্ত হয়ে চলে গেছেন মুক্তি সংগ্রামের সেই সব অক্লান্ত সৈনিক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক শিল্পী আছেন যারা একুশে পদক বা স্বাধীনতা পদক পেতে পারতেন, কিন্তু পাননি। তাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে মরণোত্তর পদক দেয়া যেতে পারে। মূল্যায়ন করতে চাইলে করা যায়, দরকার শুধু ইচ্ছা। মুক্তিযোদ্ধাদের ন্যূনতম মূল্যায়ন করতে হলে আর্থিকভাবে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া হোক। অসুস্থ যে সব মুক্তিযোদ্ধা আছেন তাদের চিকিৎসায় সাহায্য করা হোক। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এখন অনেক অজানা মুক্তিযোদ্ধাদের খবর তুলে আনা হচ্ছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের মাধ্যমে আরো অনেক মুক্তিযোদ্ধার খবর আনা যেতে পারে এবং তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়া যেতে পারে। মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা কোনো কিছুর আশায় যুদ্ধে যাননি। দেশকে ভালবেসে যুদ্ধে গিয়েছিলেন। কেউ গান করেছেন, কেউ লিখেছেন। তাদের জন্য কিছু করতে চাইলে এখনই তা করা উচিত। কথায় কথায় এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: যুদ্ধাপরাধীদের বিচারের দাবি সা