লিটন হায়দার
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাদ ধসে পড়া র্যাংগস ভবনের বেজমেন্ট ৮ তলা পর্যন্ত খুঁটি দিয়ে ঠেকা দেওয়ার কাজ শেষ না হলে মূল উদ্ধার কাজ শুরু করা যাবে না। এ কারণে উদ্ধার কাজ শুরু করতেই আরো ৪ থেকে ৫ দিন সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন রাজউক কর্মকর্তারা। তাই নিহত ও নিখোঁজ ব্যাক্তির সংখ্যা ও তাদের অবস্থা সম্পর্কে শিগগিরই কিছু জানার আশা কম।
সোমবার বিকেলে র্যাংগস ভবনের চতুর্থ তলায় উঠেই লাশের দুর্গন্ধ পাওয়া গেছে। নিরাপত্তা কর্মীরা সাধারণ মানুষকে ভবনের ভেতরে ঢুকতে দিচ্ছে না। ভেতরে আটকা পড়া শ্রমিকদের আত্মীয়স্বজন প্রায় সারাদিনই ভবনের বাইরে ভিড় করে ছিল। এই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেও চতুর্থ ও পঞ্চম তলা থেকে র্যাংগস কর্তৃপক্ষকে মালামাল সরাতে দেখা গেছে।
রাজউকের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল মল্লিক সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষাজ্ঞদের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে দুই নম্বর বেজমেন্টে (ভূগর্ভস্থ কক্ষ) খুঁটির সাহায্যে ঠেকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এরপর এক নম্বর বেজমেন্ট হয়ে ক্রমান্বয়ে ৮ তলা পর্যন্ত ঠেকা দেওয়ার কাজ চলবে।
রাজউক কর্মকর্তা জানান, তিনটি ডেভলপার কোম্পানি এই ঠেকা দেওয়ার কাজ করছে। ৮ তলা পর্যন্ত এ কাজ করতে আনুমানিক ২০ হাজার 'স্টিল প্রোপ' (বিশষ ধরনের লোহার পাইপ) লাগবে। ৮ তলা পর্যন্ত ঠেকা দেওয়ার কাজ শেষ হলে বুয়েটের বিশেষজ্ঞরা ভবনটি ঘুরে দেখবেন। তারা ভবনটিকে 'ঝুঁকিমুক্ত' ঘোষণা করার পরই মূল উদ্ধার কাজ শুরু হবে। দমকল বাহিনীর সদস্যরা এই উদ্ধার কাজ পরিচালনা করবে।
রাজউকের আরেক নির্বাহী প্রকৌশলী মনোয়ারুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দিন-রাত ঠেকা দেওয়ার কাজ চলবে। এজন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। এভাবে কাজ করলে ৮ তলা পর্যন্ত যেতে অন্তত ৪ দিন সময় লাগবে। তবে জনবল বাড়িয়ে তার আগেই কাজ শেষ করা যায় কি না সে দিকটিও ভেবে দেখা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে রাজউকের একজন উপ সহকারি প্রকৌশলী জানান, র্যাংগস ভবনের ১৮ থেকে ৪ তলা পর্যন্ত প্রতিটি তলার ছাদের মাঝখানের অংশটি ভেঙে ভেঙে গর্তের মতো তৈরি হয়েছে। আর এই ভাঙা অংশগুলো জমা হয়েছে তৃতীয় তলায়। ফলে এই তলাটি এখন খুবই ঝুঁকিপূর্ণ।
তিনি আরো জানান, শ্রমিকরা বেজমেন্ট থেকে ৩ তলা পর্যন্ত ঠেকা দেওয়ার কাজ করতে রাজি আছে। কিন্তু নিরাপত্তার কথা ভেবে ওপরের তলাগুলোতে কাজ করতে অনেকেই রাজি নয়। বেশ কয়েকজন শ্রমিক মৌখিকভাবে বিষয়টি তাকে জানিয়েছে। সোমবার সকালে একদল আতঙ্কিত শ্রমিক ভবনটি থেকে বেরিয়ে যায়। তাদের আর কাজে ফেরানো যায়নি।
দমকলের উপ সহকারি পরিচালক খন্দকার সামসুদ্দোহা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তারা উদ্ধার কাজের জন্য প্রস্তুত আছেন। কিন্তু ঠেকা দেওয়ার কাজ শেষ না হলে কাজে হাত দিতে পারছেন না। আর এ কারণে ছাদের ভাঙা অংশ দিয়ে কয়েকটি লাশ দেখা গেলেও সেগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
আদালতের নির্দেশে গত ৪ আগস্ট থেকে র্যাংগস ভবন ভাঙার কাজ শুরু হয়। ২২ তলার মধ্যে ৫ তলা ভাঙার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এ অবস্থায় গত শনিবার রাতে ভবনটির ১৮ থেকে ৪ তলা পর্যন্ত প্রতিটি ছাদের মাঝেল অংশ ভেঙে ৩ তলায় নেমে আসে। এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন অন্তত ৫০ জন নির্মাণ শ্রমিক। তবে দুর্ঘটনায় কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/২১৪৯ ঘ.
bdnews24