২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাইয়ের বন কর্মকর্তা অসিত রঞ্জন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অর্জিত অর্থের উৎস গোপন ও সম্পত্তির মিথ্যা বিবরণী জমা দেওয়ার অভিযোগে কাপ্তাই বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অসিত রঞ্জন পাল ও তার স্ত্রী রঞ্জনা বিশ্বাস পালের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 01:59 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অর্জিত অর্থের উৎস গোপন ও সম্পত্তির মিথ্যা বিবরণী জমা দেওয়ার অভিযোগে কাপ্তাই বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অসিত রঞ্জন পাল ও তার স্ত্রী রঞ্জনা বিশ্বাস পালের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মামলাটি করেন। কমিশনের পরিচালক মেজর জুলফিকার আলী মজুমদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে অর্থের উৎস গোপন ও সম্পত্তির মিথ্যা বিবরণী দাখিলের অভিযোগে মামলা করা হয়েছে।" ডবলমুরিং থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মঞ্জুর কাদের ভূঁইয়া বিভাগীয় বন কর্মকর্তা অসিত রঞ্জন পাল ও তার স্ত্রী রঞ্জনা বিশ্বাস পালের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার এজাহারে দুজনের বিরুদ্ধে ৬৬ লাখ ৭৭৯ টাকার সম্পত্তির হিসাবে অসঙ্গতির অভিযোগ আনা হয়েছে। এজাহারে বলা হয়, অসিত রঞ্জন পাল তার আয়কর বিবরণীতে তিন লাখ ৪৪ হাজার টাকার সম্পত্তির উল্লেখ করেছেন। অপরদিকে তার স্ত্রী দুর্নীতি দমন কমিশনে জমা দেয়া হিসাব বিবরণীতে ৪২ লাখ ৭৫ হাজার টাকার সম্পত্তি আছে বলে জানিয়েছেন। কিন্তু কমিশনের তদন্তে অসিতের স্ত্রী রঞ্জনার ৪৩ লাখ ৮৬ হাজার টাকাসহ মোট ৬৯ লাখ ৪৫ হাজার টাকার সম্পত্তির খোঁজ পাওয়া যায়। অর্থের হিসাবে অসঙ্গতি ও সম্পত্তির যথাযথ উৎসের প্রমাণ না পাওয়ায় অসিত দম্পতির বিরুদ্ধে দুনীতি প্রতিরোধ আইন ও জরুরি ক্ষমতা বিধিমালায় মামলাটি করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মঞ্জুর কাদের জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ এমএসবি/১৯৫২ ঘ.