মানিকগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী।
তিনি বলেন, "দুর্নীতি আমাদের অপমান ও অপবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের মাথা ছোট করে দিয়েছে। জাতি হিসেবে আমরা কারো সামনে দাঁড়াতে পারিনা।"
সোমবার মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শান্তিপূর্ণভাবে সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতি বন্ধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
টাকার অভাবে মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে না উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির মূল কারণ হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, ক্ষমতার অপব্যবহার এবং ভাল মন্দের মধ্যে ভালকে ছেড়ে মন্দকে বেছে নেয়া।
দুর্নীতির কারণে প্রতি বছর প্রায় ৭ হাজার কোটি টাকা অপচয় হয় বলেও মন্তব্য করেন হাসান মশহুদ চৌধুরী।
তিনি বলেন, এই টাকা দিয়ে কয়েক হাজার প্রাইমারী স্কুল ও হাসপাতাল হতে পারে।
সভায় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মো. আতাউর রহমান, পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ ও পৌরসভার চেয়ারম্যান সুদেব সাহা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৯৩২ ঘ.
bdnews24