ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্তাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর গত প্রায় এক বছরে চার লাখ ৩৭ হাজার ৪৬৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে আইন শৃংখলা রক্ষা বাহিনী। এ সময়ের মধ্যে তিন হাজার ৩৯৮টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ৭৬ হাজার ৬৩৩ রাউন্ড গুলি ও দুই হাজার ৪৭টি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃংখলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩ সভায় এ তথ্য উত্থাপন করা হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম সাংবাদিকদের বলেন, "দেশে আইন শৃংখলা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে।"
সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি আরো বলেন, "১৩ ডিসেম্বর সেক্টর কমান্ডার ফোরামকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। তবে তাদের বিধিমালা মেনে সভা করতে হবে; এই সভা বাহিরে করা যাবে না, ভেতরেই করতে হবে।"
মাইক ব্যবহার ও পোস্টার লাগানোর উপর নিষেধাজ্ঞা থাকবে বলেও জানান তিনি।
এ ছাড়া কতজন লোক এ সভায় উপস্থিত থাকতে পারবে- তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছ থেকে জেনে নিতে বলা হয়েছে।
বিভিন্ন সমিতি ও ফোরামের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আব্দুল করিম বলেন, "ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোরাম নির্বাচন করার অনুমতি চেয়েছিল, তবে তাদের অনুমতি দেওয়া হয়নি। তবে পল্লী বিদ্যুৎ সমিতিকে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়েছে এবং এজিএম করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে ঢাকা ক্লাবকে। লোক অনুষ্ঠান, যাত্রাপালা এবং গানের অনুষ্ঠান করার জন্য পুলিশ সুপার ও জেলা প্রশাসকের অনুমতি লাগবে। মেট্রোপলিটন এলাকায় ঐসব অনুষ্ঠান করতে চাইলে কমিশনারের অনুমতি লাগবে।"
সচিব বলেন, "মহাখালীতে সড়ক ও জনপদের জায়গায় যে অবৈধ বস্তি গড়ে ওঠেছে ওই বস্তি উচ্ছেদের জন্য আজকের এ সভায় অনুমতি দেওয়া হয়েছে। কারণ এ জমিতে সিটি করপোরেশন কাঁচা বাজার করবে।"
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপালের জমিতে অবৈধ বস্তি উচ্ছেদ বিষয়ে তিনি বলেন, "স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এ বৈঠকে জানতে চাওয়া হয়েছে, তাদের কেন উচ্ছেদ করা হবে। তাছাড়া উচ্ছেদের পর এ জমিতে কি করা হবে তাও জানতে চাওয়া হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জবাব পাওয়ার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
হাসপাতালটির জমিতে অবৈধভাবে গড়ে ওঠা এ বস্তিতে এখানে ৫ থেকে ৬০০ পরিবার বাস করে।
বৈঠক সূত্রে জানা গেছে, ১২ জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত আসামি গ্রেপ্তার হয়েছে দুই লাখ ৩৯ হাজার ৪৮০ জন; বড় অপরাধী গ্রেপ্তার হয়েছে ৭৭৮ জন এবং অন্যান্য অপরাধী গ্রেপ্তার হয়েছে ১ লাখ ৯৭ হাজার ২০৮ জন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/এমএ/১৪০১ ঘ.
bdnews24