ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা। রোববার বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সিগমা হুদার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
আদালত মামলাটির কার্যক্রম স্থগিতও করেছে। এ ছাড়া মামলাটি জরুরি বিধিমালায় নেওয়া ও মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- সরকারকে তার কারণ দর্শাতে বলা হয়েছে।
আগামী আট সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, মুখ্য মহানগর হাকিম আদালত ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
২৬ জুন বেসরকারি সংগঠন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বোর্ড সদস্য ওয়াহিদুর রহমান আজাদ বাদি হয়ে শাহবাগ থানায় ব্যারিস্টার নাজমুল হুদা, সিগমা হুদা ও এলিনা খানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ইমারত নির্মাণ বাবদ ২১ লাখ ৯০ হাজার টাকার বিল পরিশোধ না করে আসামিরা প্রতারণা করেছেন। গত ৩০ সেপ্টেম্বর সরকার এ মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার অন্তর্ভুক্ত করে।
পরবর্তীতে এই রিটের বৈধতা নিয়ে রিট দায়ের করেন সিগমা হুদা। রিটটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুল মালেক ও অ্যাডভোকেট আশা নূর রহমান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৭১৯ঘ.
bdnews24