২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও'র হরিপুর সীমান্তে শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি কৃষক নিহত ও অপর একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঠাকুরগাঁও, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও'র হরিপুর সীমান্তে শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি কৃষক নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহতের নাম রেজাবুল (৪০)। তিনি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের আবাসন মোড় এলাকার মনতাজ আলীর ছেলে। আহত সাইদুর রহমান (৩০) একই ইউনিয়নের শালবাড়ি গ্রামের সাহেব আলীর ছেলে। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার ভোরে রেজাবুল ও সাইদুর রহমানসহ ৮/১০ জন বাংলাদেশি কৃষক নিজের জমিতে ধান কাটার জন্য হরিপুরের বুজরুখ সীমান্তের কান্দালের খাড়ির ৩৫৮ নং পিলারের কাছে যান। এ সময় ভারতের ৮৯ ব্যাটালিয়নের খুড়কা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ১৪ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে রেজাবুল ঘটনাস্থলেই নিহত ও সাইদুর গুলিবিদ্ধ হন। সাইদুরকে নিয়ে অন্যরা ফিরে আসতে পারলেও বিএসএফ রেজাবুলের লাশ সীমান্তের ওপারে টেনে নিয়ে যায়। ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দিনাজপুর ১৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর শেখ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় তারা বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৫ ঘ.