২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই-তিন দিনের মধ্যে ফেরত যাচ্ছে মার্কিন রণতরী তারাওয়া

মার্কিন যুদ্ধ জাহাজ 'ইউএসএস তারাওয়া' বাংলাদেশে দক্ষিণাঞ্চলে ত্রাণ তৎপরতাসহ মানবিক সাহায্য শেষ করে রোববার অথবা সোমবারের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে যাবে। বাংলাদেশের ঊর্ধ্বতন এক সেনা কর্মকর্তা শুক্রবার এ তথ্য জনান। 'ইউএসএস তারাওয়া' ও 'ইউএসএস কিয়ারসার্জ' -এই দুইটি যুদ্ধ জাহাজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতায় অংশ নিতে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 08:24 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মার্কিন যুদ্ধ জাহাজ 'ইউএসএস তারাওয়া' বাংলাদেশে দক্ষিণাঞ্চলে ত্রাণ তৎপরতাসহ মানবিক সাহায্য শেষ করে রোববার অথবা সোমবারের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে যাবে। বাংলাদেশের ঊর্ধ্বতন এক সেনা কর্মকর্তা শুক্রবার এ তথ্য জনান। 'ইউএসএস তারাওয়া' ও 'ইউএসএস কিয়ারসার্জ' -এই দুইটি যুদ্ধ জাহাজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতায় অংশ নিতে আসে। গত ১৫ নভেম্বর ঘূর্ণিঝড়ের পর ২২ নভেম্বর 'ইউএসএস কিয়ারসার্জ' বাংলাদেশে ত্রাণ কাজে অংশ নিতে বঙ্গোপসাগরে জলসীমায় পৌঁছে। গত সোমবার কিয়ারসার্জ ত্রাণ কাজ শেষে বাংলাদেশের জলসীমা ছেড়ে যাওয়ার পর তার স্থলে আসে 'ইউএসএস তারাওয়া'। শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে এক অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণাঞ্চলে মার্কিন মানবিক সাহায্য 'ইউএস অপারেশনস সী এঞ্জেল-২ আশার আলো'র কার্যক্রম শেষ হয়। এ উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সরকার ও জনগণের পক্ষ থেকে সী এঞ্জেলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি, অপারেশন সী এঞ্জেল-২ এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রোনাল্ড বেইলিসহ ৩০ জন ইউএস মেরিন অফিসার ও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, "দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। অপারেশন সী এঞ্জেলের মাধ্যমে তা আরো সুদৃঢ় হয়েছে।'' সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেনারেল মাসুদ বলেন, "ইউএসএস শিপ দুই-তিনদিনের মধ্যে বাংলাদেশ ছেড়ে যাবে।" বৃহস্পতিবার সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ ইউএসএস তারাওয়া পরিদর্শন করে সাংবাদিকদের জানিয়েছিলেন, ঘূর্ণিদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা শেষ করেছে তারাওয়া। মার্কিন দূতাবাস জানায়, অপারেশন সী এঞ্জেল-২ গত ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিদুর্গতদের মধ্যে ত্রাণ তৎপরতা চালায়। এ সময়ে ১ লাখ ১৩ হাজার কিলোগ্রাম খাদ্য ও ওষুধ এবং ৫৪ হাজার লিটার খাবার পানি সরবরাহ করা হয়। এছাড়াও মার্কিন বাহিনীর চিকিৎসক দল ২ হাজার ৩৫৫ জনকে চিকিৎসা দেয়। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর চট্টগ্রামে অপারেশন সী এঞ্জেল-১ এর আওতায় ইউএসএস তারাওয়া ত্রাণ কাজে অংশ নিয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি//জেআর/টিআর/এমআই/এমএ/১৪১৭ঘ.