ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির সাবেক সাংসদ এম এ এইচ সেলিমের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
এছাড়া, কমিশন সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ সাবেক তিন সাংসদ ও তাদের স্ত্রী, জনকষ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, সাবেক প্রধান বন সংরক্ষক 'বনখেকো' খ্যাত মোহম্মদ ওসমান গনি ও রাজউকের কর্মকর্তা এস এম আসাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে।
বৃহস্পতিবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।
সাবেক সাংসদ এম এ এইচ সেলিমের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে রমনা থানায়। তার বিরুদ্ধে ১২ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার ৯২৭ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৬২ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার ৬৮৩ টাকার জ্ঞাত আয়-বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
কর্নেল হানিফ ইকবাল জানান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও তার স্ত্রীর বিরুদ্ধে ৭৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও এক কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুটি অভিযোগপত্র, সাবেক সাংসদ মোস্তাফা রশীদী সুজা ও তার স্ত্রীর বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৫৪৪ টাকার জ্ঞাত আয়-বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় একটি ও সাবেক সাংসদ মুফতি শহিদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে ২৯ লাখ ৭৮ হাজার ৫৩২ টাকার জ্ঞাত আয়-বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় একটি অভিযোগপত্র জমা দেওয়ার অনুমতি দিয়েছে কমিশন।
এছাড়া 'বনের রাজা' ও 'বনখেকো' নামে ব্যাপক পরিচিতি পাওয়া সাবেক প্রধান বন সংরক্ষক মোহম্মদ ওসমান গনি দম্পতির বিরুদ্ধে ৪ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৪৬৪ টাকার জ্ঞাত আয়-বহির্ভুত সম্পদ অর্জন একটি ও ইমারত নির্মাণে অবৈধভাবে নকশা অনুমোদন এবং আর্থিকভাবে লাভবান হওয়ার অভিযোগে জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদ ও রাজউক কর্মকর্তা এস এম আসাদুজ্জামানের বিরুদ্ধে চারটি অভিযোগপত্র দেওয়ার অনুমতি পাওয়া গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএ/এসএনডি/এসকে/১৯০২ঘ.
bdnews24