চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নে বুধবার গভীর রাতে ডাকাতের গুলিতে আবদুল গফুর নামে এক প্রবাসী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী রওশন আরা।
ডাকাতরা আবদুল গফুরের বাড়ি থেকে নগদ ষাট হাজার টাকাসহ এক লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার সকালে মোহাম্মদ খলিল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ফটিকছড়ি সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের মধ্যপ্রাচ্য প্রবাসী আবদুল গফুরের বাড়িতে বুধবার গভীর রাত একটার দিকে সাত-আটজনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় আবদুল গফুর ও তার স্ত্রী বাধা দিতে গেলে ডাকাতদের এলোপাথাড়ি ছোঁড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান এবং তার স্ত্রী গুরুতর আহত হন।
তিনি জানান, ডাকাতরা প্রবাসীর ঘর থেকে ষাট হাজার নগদ টাকাসহ প্রায় একলাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা মাইনুদ্দিন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৬৪১ ঘ.
bdnews24