২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট জামিন বহাল রাখলেও মুক্তি পাচ্ছেন না হান্নান শাহ

জরুরি আইন ভঙ্গের মামলায় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে একমাসের আটকাদেশ বহাল থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগ হান্নান শাহর জামিন স্থগিতের সরকারের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ বহাল রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 08:16 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জরুরি আইন ভঙ্গের মামলায় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে একমাসের আটকাদেশ বহাল থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগ হান্নান শাহর জামিন স্থগিতের সরকারের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ বহাল রাখে। হাইকোর্ট হান্নান শাহকে জামিন দেয়ার ২৫ নভেম্বর তাকে এক মাসের আটকাদেশ দেয় সরকার। ২ ডিসেম্বর হাইকোর্ট হান্নান শাহর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলনিশি জারি করে। আটকাদেশ এখনো বহাল থাকায় আপিল বিভাগ তার জামিন বহাল রাখলেও তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। হান্নান শাহর জামিন স্থগিতের আবেদনের শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ হায়দার আলী বলেন, "হান্নান শাহ তার মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে জামিনও চাওয়া হয়েছিল। কিন্তু তিনি আলাদা জামিন চাইতে পারতেন। মামলা বাতিলের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন দেয়া হাইকোর্টের ঠিক হয়নি।" জবাবে হান্নান শাহর পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "হান্নান শাহর বিরুদ্ধে জরুরি আইনে মামলা দেয়ায় হাইকোর্টে জামিন আবেদন করা যাচ্ছেনা। এ কারণে মামলা বাতিল আবেদনের মধ্যেই তার জামিন চাওয়া হয়েছিল। হাইকোর্টের জামিন দেয়ার ক্ষমতা রয়েছে।" উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায়ে জানায়, মামলা বাতিলের আবেদনের মধ্যে চাওয়া জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুরকে আদালত উৎসাহিত করছে না। তবে ঘটনা ও অবস্থা বিবেচনায় হান্নান শাহকে যে জামিন দেয়া হয়েছে তাতে আদালত হস্তক্ষেপ করতে চায় না। তার জামিন বহাল থাকবে। ২২ নভেম্বর হান্নান শাহকে তিন সপ্তাহের জামিন দিয়েছিল হাইকোর্ট। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা জরুরি আইন ভঙ্গের মামলা কেন বাতিল করা হবেনা সরকারকে তার কারণ জানাতে বলেছিল হাইকোর্ট। ৭ নভেম্বর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে বিএনপির দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ এবং দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান লাঞ্ছিত হওয়ার ঘটনায় জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে পুলিশ হান্নান শাহ সহ ছয় জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করে। ওই রাতেই হান্নান শাহকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৪১০ ঘ.