চট্টগ্রাম, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিমানের জেদ্দাগামী একটি ফ্লাইট ২৯০ জন হজযাত্রীসহ সোয়া তিনশ যাত্রী নিয়ে নির্দিষ্ট সময়ের ২১ ঘণ্টা পর শাহ আমানত বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। এর মধ্যে বিমানটির সময়সূচি পাঁচবার পরিবর্তন করা হয়। বারবার সময়সূচি পরিবর্তন করায় বুধবার সকালে বিমানবন্দরের অভ্যন্তরে বিক্ষোভ করেন যাত্রীরা।
মঙ্গলবার রাত ২ টায় যাত্রার আনুষ্ঠানিকতা শেষ করার পর থেকে বুধবার রাত পৌনে ৮টায় বিমানটি ছাড়ার আগ পর্যন্ত বিমানবন্দরের ভেতরেই থাকতে হয় যাত্রীদের। এ সময়ের মধ্যে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে বলে জানান হজযাত্রী মো. আজম।
বিমানবন্দর ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার সাজ্জাদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, "বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য কর্তৃপক্ষ সকাল থেকে তৎপর ছিল। কর্তৃপক্ষের উদ্যোগে তাদের খাওয়া দাওয়াসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে।"
বাংলাদেশ বিমানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় বাংলাদেশ বিমানের বিজি-০৩৭ ফ্লাইটরি সৌদি আরবের উদ্দেশে যাত্রার কথা ছিল। হঠাৎ যান্ত্রিক ত্র"টির কারণে প্রায় ২১ ঘণ্টা যাত্রা বিলম্ব হয়। ঢাকায় ত্র"টি মেরামতের পর বিমানটি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে আসে এবং রাত পৌনে ৮টার দিকে জেদ্দার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়।
মো. আজম নামে এক হজযাত্রী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফ্লাইটের ৩১৪ যাত্রী রাত ২টার মধ্যে আনুষ্ঠানিকতা শেষ করার জন্য বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে। এরপর থেকে আরও চার দফা সময় পরিবর্তন করা হয়। কোনো সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় একপর্যায়ে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২২১৭ ঘ.
bdnews24