কক্সবাজার, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ক্যাম্প স্থাপন করা হয়েছে। কার্যক্রম শুরুর দ্বিতীয় দিনেই অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার কক্সবাজারে ক্যাম্প স্থাপন করে র্যাব। ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট সাব্বির আহমেদ জানান, আগামী তিন মাস শহরের জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে তারা অভিযান পরিচালনা করবেন।
মঙ্গলবার জেলা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে একটি চাইনিজ রিভলবারসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক আজিজুর রহমান মজুমদার। ওই রাতেই তাদের থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মোহাম্মদ আলম প্রকাশ আমান (২৪) ও বেলাল (১৮)। আমান কক্সবাজার শহরতলীর ঘোনার পাড়ার শামসুল আলমের ছেলে। বেলালের বাড়ি হাজি পাড়ায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৬ ঘ.
bdnews24